কমিউনিটি রেডিওর জন্য তহবিল গঠনে কাজ করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি
হাসানুল হক ইনু। ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার ভবিষ্যতে দেশের প্রত্যেকটি উপজেলায় কমিউনিটি রেডিও স্থাপনের উদ্যোগ নেবে। ইতিমধ্যে সরকার কমিউনিটি রেডিও গুলির স্থায়ীত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে বিজ্ঞাপন নীতিমালা পর্যালোচনা করছে এবং কমিউনিটি রেডিওর জন্য একটি তহবিল গঠনে কাজ করছে।
গত বৃহস্পতিবার ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় পরিচালিত ‘পাইওনিয়ার, কানেক্টিং অ্যান্ড ইমপাওয়ারিং ভয়েসেস ফর চেঞ্জ: স্ট্রেংদেনিং কমিউনিটি রেডিও ইন বাংলাদেশ টু ফাইট প্রভার্টি অ্যান্ড প্রমোট ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মরতুজা আহমেদ বলেন, কমিউনিটি রেডিও প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিত করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্থানীয় সংস্কৃতির বিকাশের মাধ্যমে প্রান্তিক জনগণ আগামী দিনে মধ্যম আয়ের দেশ এবং ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, ইউরোপীয় ইউনিয়ন-এর ফ্রেডরিক মাডুরাউড এবং ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের রাজনৈতিক ও অর্থনীতিবিষয়ক প্রধান সচিব হেনরিক ভান অ্যাশচ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নে অর্জিত শিক্ষা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে আলোকপাত করেন ফ্রি প্রেস আনলিমিটেড এর দক্ষিণ এশীয় কর্মসূচি ব্যবস্থাপক দেসী দামিয়ানোভা। প্রকল্পের অর্জন ও চ্যালেঞ্জ সম্পর্কিত প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করেন ভারতের প্রখ্যাত কমিউনিটি রেডিও বিশেষজ্ঞ আশীষ সেন।