কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের হামলা, চেইন-ব্যাগ ছিনতাই
সিলেটে ছাত্রলীগ নামধারী একটি পক্ষ কমিউনিটি সেন্টারে হামলা চালিয়ে দরজা-জানালা, আসবাবপত্র ও খাবার প্লেট ভাঙচুর করেছে। এ সময় সেখানে বিয়ের অনুষ্ঠানে আসা তিন নারীর গলার চেইন ও দুইজনের ব্যাগ ছিনিয়ে নেন তাঁরা। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের একটি পক্ষের (টিলাগড় গ্রুপ) হাতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মনসুর আলী উজ্জ্বল (৩০) আহত হন। এরপর গতকাল বিকেলে নগরের টিলাগড় এলাকায় ছাত্রলীগের কর্মী শাহ জুনেদ আহমদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন—এই অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগের একটি পক্ষ টিলাগড় এলাকায় শাহ পরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীপক রায়ের বাড়িতে হামলা চালান। ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি কবীর আহমদের নেতৃত্বে হামলাকারীরা দীপককে খোঁজার নামে বাড়ির ভেতরে ঢুকে দরজা-জানালা ভাঙচুর করে। জেলা ছাত্রলীগের একটি সূত্র জানায়, ছাত্রলীগের সঙ্গে এক সময় সংশ্লিষ্ট থাকায় টিলাগড়ের কবীর আহমদকে নিয়ে বাবলা চৌধুরী নিজ নামে একটি পক্ষ (গ্রুপ) তৈরি করেছেন। ছাত্রলীগের নামে এ পক্ষটি এলাকায় অধিপত্য বিস্তার করতে হামলাসহ বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দীপকের বাড়ি থেকে ফেরার পথে হামলাকারীরা একই এলাকার প্রত্যাশা কমিউনিটি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলাকারীরা বিয়ের অনুষ্ঠানে থাকা তিনজন নারীর গলার চেইন ও দুজনের ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। কমিউনিটি সেন্টারের মালিক মকসুদ আহমদ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এ হামলা হয়েছে বলে আশপাশের অনেকে মন্তব্য করেন। বিকেলে কমিউনিটি সেন্টারের আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমদ বলেন, হামলাকারীরা দরজা-জানালা ও খাবারের প্লেট ভাঙচুর করে। পুলিশ আসার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়। পরে পুলিশি পাহারায় বিয়ের অনুষ্ঠান শেষ হয়। ছাত্রলীগের সাবেক নেতা বাবলা চৌধুরীর দাবি, ছিনতাই করা টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে মনসুর আলীকে মারধর করা হয়েছে। এর জের ধরে কমিউনিটি সেন্টারে হামলার ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে একটি মহল। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের নাম ব্যবহার করা হয়েছে। ছাত্রলীগের সাধারণ কোনো কর্মী-সমর্থকও সেখানে ছিলেন না।শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, রাতের ঘটনার জের ধরে বাড়ি ও কমিউনিটি সেন্টারে হামলা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।