কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবি
কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের চাকরি প্রকল্প থেকে রাজস্ব খাতে নেওয়ার দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। গতকাল শুক্রবার বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত কমিউনিটি হেলথ প্রোভাইডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে স্বাস্থ্যকর্মীরা বলেন, চাকরির নিশ্চয়তা না থাকলে স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন। কমিউনিটি হেলথ প্রোভাইডার পদে নিয়োগপ্রাপ্তদের রাজস্ব খাতে নিয়ে চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তাঁরা আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে পারবেন।
জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করেন। এর মধ্যেই সারা দেশে ১৩ হাজার ৫০০টি ক্লিনিক চালু করা হয়েছে। আরও ছয় হাজার ক্লিনিক স্থাপনের কাজ প্রক্রিয়াধীন।
এসব ক্লিনিকে স্বাস্থ্যসেবা দিতে প্রকল্পের অধীনে প্রায় ১৩ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ করা হয়েছে।