কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ গ্রহণের আহ্বান স্পিকারের
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের অঞ্চলভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে সব অঞ্চলের উন্নয়ন তথা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গত শনিবার শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সব এলাকায় বিভিন্ন পেশাভিত্তিক সংগঠন রয়েছে। এলাকার উন্নয়নই এসব সংগঠনের মূল লক্ষ্য। এসব সংগঠনে দেশের তরুণসমাজকে সম্পৃক্ত করে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য দেন শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্নেল (অব.) শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক ও সংরক্ষিত মহিলা সাংসদ নাভানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে জেলার ছয়জন কৃতী সন্তানকে সম্মাননা দেওয়া হয়। সম্মানিত ব্যক্তিরা হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক (রাজনীতি, মরণোত্তর), সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি (মুক্তিযুদ্ধ), অতুলপ্রসাদ সেন (সংগীত, মরণোত্তর), আজিজুল হক মল্লিক (সমাজসেবা), মোস্তাক আহমেদ মোবারকী (সাংবাদিকতা) ও মাহমুদ শফিক (সাংবাদিকতা)।