কমিউনিস্ট পার্টির অগ্রযাত্রা থামাতেই পল্টনে হামলা
কমিউনিস্ট পার্টির অগ্রযাত্রা থামাতেই পল্টনে বোমা হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদিতে গতকাল শুক্রবার পল্টন হত্যাকাণ্ডের ১৬তম বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বারবার কমিউনিস্ট পার্টির ওপর হামলা হয়েছে। হত্যা-নির্যাতন করে আদর্শের লড়াই থেকে কমিউনিস্টদের কখনোই বিচ্যুত করা যাবে না।
দিবসটি উপলক্ষে সিপিবি অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে। সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, পল্টন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তিনি হত্যাকাণ্ডের নেপথ্যের হোতাদের বিচারের দাবি জানান। ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা চালানো হয়। এতে পাঁচজন নিহত হন।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সকাল সাড়ে ১০টায় অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ সময় দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।