কমিকস ও গ্রাফিক নভেলের ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘এই যে, এটা নিন। এটা একটা হাইপার কমিকস। বাংলাদেশে একেবারে নতুন জিনিস।’
কার্টুনিস্ট আহসান হাবীব হাতে তুলে দিলেন ছোট একটা চারকোনা কমিকস বই। দেখি নাম মাছের গল্প। অদ্ভুত ধরনের বই। নানাভাবে ভাঁজ করা কাগজ মেলে ধরলে মাঝখানে একটা চারকোনা জায়গাকে স্থির রেখে চারদিকে চারটি শাখা বেরিয়ে যায়। আহসান হাবীব বুঝিয়ে দিলেন, দুটি মাছ নিয়ে চারদিকে চারটি সমান্তরাল গল্প। একটি গল্প সায়েন্স ফিকশন ধরনের, একটি শিক্ষামূলক, একটি অ্যাডভেঞ্চার ইত্যাদি।
গতকাল রোববার বিকেলে বাংলা একাডেমি চত্বরে পুকুরপাড়ে উন্মাদের ছোট্ট স্টলে বসে কথা হচ্ছিল বাংলাদেশের সবচেয়ে পুরোনো কার্টুন পত্রিকার সম্পাদক জনপ্রিয় এই কার্টুনিস্টের সঙ্গে। এবার তাঁরই প্রকাশনী থেকে বেরিয়েছে তাঁর একটি কমিকস বই টাইম ট্রাবল। যদিও প্রচ্ছদে দাবি করা হচ্ছে এটা কমিকস, তবে আহসান হাবীব বললেন, এটা আসলে একটা গ্রাফিক নভেল। ‘তফাতটা কী’—জানতে চাইলাম। আহসান হাবীব বললেন, তফাত খুব একটা নেই। কমিকসে একই বইয়ের মধ্যে ছোট ছোট অনেকগুলো গল্পের ধারা থাকে। গ্রাফিক নভেলে থাকে একটাই গল্পের স্রোত।
আরেক কার্টুনিস্ট মেহেদী হক অবশ্য দুটি ঘরানার তফাত করলেন একটু অন্যভাবে। গ্রাফিক নভেলের কাহিনি বড়দের জন্য লেখা। এটার স্পাইন বাঁধাই থাকে। কমিকসের চেহারাটা অনেকটা ম্যাগাজিনের মতো।
মেহেদী হকের ‘ঢাকা কমিকসের’ স্টল সোহরাওয়ার্দী উদ্যানে। স্টলের সামনে নানান বয়সী পাঠকের ভিড়। ১০ বছরের শিশু থেকে বিশ্ববিদ্যালয়–পড়ুয়ারাও ঢুঁ মারছেন। এমনই এক তরুণ ঐশিক জাওয়াদের সঙ্গে কথা হলো। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র। ঐশিক নিজেও কার্টুন আঁকার চেষ্টা করেন। বললেন, সি কে জাকি আর দুর্জয়—এই দুটি গ্রাফিক নভেল সিরিজ তাঁর দুর্দান্ত লাগে। জানালেন, বাইরের দুনিয়ার গ্রাফিক নভেলগুলো সুপারহিরোভিত্তিক। এখানে সুপারহিরো সেভাবে দাঁড়ায়নি। কাহিনিই প্রধান।
স্টলের সামনে দাঁড়িয়ে মেহেদী হক জানালেন, তাঁর প্রতিষ্ঠান ঢাকা কমিকস এবার চার বছরে পা দিয়েছে। এরই মধ্যে ৪০টি কমিকস বই বের হয়েছে তাঁদের প্রকাশনী থেকে। এর মধ্যে পাঁচটি সিরিজ। এবার কাজী আনোয়ার হোসেনের পঞ্চ রোমাঞ্চ বইটি তাঁরা গ্রাফিক নভেল অ্যানথলজি হিসেবে বের করেছেন। তাঁদের প্রকাশনী থেকে এটিই প্রথম বোর্ড বাঁধাই।
মেহেদী হক বললেন, এ দেশে শুধুই কমিকসের ওপর নির্ভর করে একটি প্রকাশনী দাঁড় করানো যে সম্ভব, এটা শুরুতে অনেকে বিশ্বাস করতে চায়নি। এখন বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গের পাঠকদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে ঢাকা কমিকস।
বাংলাদেশে প্রথম গ্রাফিক নভেল লাইলি অবশ্য বেরিয়েছে ১২ বছর আগে। এটির লেখক ও আঁকিয়ে সাংবাদিক শাহরিয়ার খান নিয়মিত মেলায় আসেন না। টেলিফোনে কথা হলো। বললেন, এবার তাঁর দুটি কমিকস বই বাবু সিরিজের ১০ নম্বর এবং বেসিক আলী সিরিজের ৯ নম্বর বই বেরিয়েছে। এ ছাড়া ষড়যন্ত্র আর কিউব নামে তাঁর দুটি নিঃসঙ্গ (স্ট্যান্ডঅ্যালোন) গ্রাফিক নভেল আছে। এর বাইরে আরেকটি গ্রাফিক নভেলের সিরিজ তিনি লেখেন, যেটার নাম সোমোর অভিযান। সবই পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড থেকে বের হওয়া।
পাঞ্জেরীর স্টলের সামনে বেসিক আলী-৭ হাতে এক তরুণকে পেয়ে কৌতূহল প্রকাশ করলাম। জানলাম, তাঁর নাম আশিক মাহবুব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে মাস্টার্স করছেন। বেসিক আলীর নিয়মিত পাঠক। বললেন, শাহরিয়ার খানের রসবোধ তাঁর দারুণ লাগে।
মেহেদী হক জানালেন, আগে সবাই মনে করত কমিকস বোধ হয় শুধু শিশুদের বই। এখন ধীরে ধীরে সেই ভুল ভাঙছে। এটা যে সব বয়সীদের এক বিশাল জগৎ, বিশেষ করে গ্রাফিক নভেল যে একটি নিজস্ব ঘরানা নিয়ে দাঁড়িয়ে গেছে, এটা এখন পাঠকেরা বুঝতে শুরু করেছে। দ্রুত পাঠক বাড়ছে। এক মেলাতেই তাঁরা একেকটি বই পাঁচ-ছয় হাজার কপি বিক্রি করেন।
মেলায় আসা নতুন বই
মেলায় প্রথমা প্রকাশন এনেছে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া অনূদিত ইউসুফ আলি খানের তারিখ-ই-বঙ্গালা-ই মহাবত জঙি: বাংলায় নবাবি আমলের শেষ অধ্যায়, জাফর আহমদ রাশেদ ও মো. সাইফুল্লাহর সম্পাদনায় গোল্লাছুট সেরা গল্প।
সুচয়নী পাবলিশার্স এনেছে ড. মাহমুদ শাহ্ কোরেশীর মুক্তিযুদ্ধের মিশন আমার জীবন, পাঞ্জেরী পাবলিকেশনস এনেছে তারিক সুজাতের ছিন্নডানার মানুষপাখি, চন্দ্রাবতী একাডেমি এনেছে জাহীদ রেজা নূরের মাহসুরির বেহালা। শ্রাবণ এনেছে তসলিমা নাসরীনের সকল গৃহ হারালো যার।