কমিটি আছে, কার্যক্রম নেই
সামাজিক বিবাদ মীমাংসা ও অপরাধ দমন সহযোগিতার মাধ্যমে পাবনায় শুরুতে জনপ্রিয় হয়ে ওঠা কমিউনিটি পুলিশিং এখন কমিটিতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, অপরাধী গ্রেপ্তার, অপরাধ দমন ও উদ্ঘাটন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ সম্পর্কে পুলিশকে সংবাদ দেওয়াসহ পুলিশের সব কাজে সরাসরি জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে পাবনায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়। ২০০৭ সালের ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের তৎকালীন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম শহীদুল হক। ব্যাপক প্রচার-প্রচারণার মধ্য দিয়ে এর কার্যক্রম ছড়িয়ে পড়ে জেলার নয়টি উপজেলায়। স্থানীয় জনগণ ও পুলিশের তত্ত্বাবধানে বেড়া উপজেলায় ১৭৪টি, সাঁথিয়ায় ১৬২টি, সুজানগরে ১৯৮টি, আটঘরিয়ায় ৭২টি, আতাইকুলায় ৯০টি, ঈশ্বরদীতে ১৪৪টি, ভাঙ্গুড়ায় ১০৮টি, বেড়ায় ১৮০টি, ফরিদুপরে ১২৬টি ও চাটমোহরে ২১৬টি মিলে এক হাজার ৪৭০টি কমিটি গঠন করা হয়। ২০০৭ সালের নভেম্বর পর্যন্ত এসব কমিটি ৫৪টি জমিসংক্রান্ত বিরোধ, ৩২টি টাকা লেনদেনসংক্রান্ত বিরোধ, ২৭টি স্বামী-স্ত্রীর কোন্দল, ৫২টি মারামারি, ২২টি পারিবারিক কলহসহ ৬০৩টি বিরোধ মীমাংসা করে। সেই সঙ্গে চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ১৪৪ জন আসামিকে ধরতে পুলিশকে সহায়তা এবং নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা ও মাদকবিরোধী ৪৪৬টি সচেতনতামূলক কর্মসূচি পালন করে। কিন্তু ২০০৮ সালের জানুযারিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এর কার্যক্রমে ভাটা পড়তে থাকে।খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে জেলার কোনো এলাকাতেই পুলিশিং কার্যক্রম চালু নেই। প্রতিটি এলাকায় পরিচালনা কমিটি বহাল থাকলেও তাদের কোনো ক্ষমতায় রাখা হয়নি। সরেজমিন দেখা গেছে, কার্যক্রম বিলুপ্ত হলেও অনেক স্থানেই এখনো কমিউনিটি পুলিশ লেখা সাইনবোর্ড ঝুলছে। কিছু গ্রামে কার্যালয়ও আছে। তবে সেখানে কেউ আসেন না। কমিউনিটি পুলিশিং পাবনা পৌর কমিটির সদস্যসচিব উৎপল মির্জা জানান, শুরুর দিকে কমিউনিটি পুলিশিং কার্যক্রম ভালো ছিল। অজ্ঞাত কারণেই তা শিথিল হয়ে গেছে। এখন কার্যক্রম বলতে শুধু কমিটি রয়েছে। কিন্তু কোনো কাজ নেই। কমিউনিটি পুলিশিং পাবনা জেলা সমন্বয় কমিটির সদস্য সরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা তৈরি খুব কঠিন। তবু পাবনায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম যত দিন চলেছে ভালোভাবেই চলেছে। পরে সরকার ও পুলিশ কেউই বিষয়টি নিয়ে আগ্রহ দেখায়নি। পাবনা জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মো. মহিউদ্দিন বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম নেই তা নয়। কর্যক্রম এখনো চলছে। কিছু কমিটিতে সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো পুনর্গঠন করা হচ্ছে।