কমিটি ও ডিলারশিপ দুই-ই আওয়ামী লীগের নেতাদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির (ফেয়ার প্রাইস) হতদরিদ্র ব্যক্তিদের তালিকা তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের। উপজেলা ও ইউনিয়ন ফেয়ার প্রাইস কমিটিতে স্থান পাওয়া এসব নেতা-কর্মীই এখন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্ষমতাসীন দলের নেতারা হতদরিদ্র ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব ও ডিলার হিসেবে নিয়োগ পাওয়ায় সরকারি এ কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।ডিলার হিসেবে নিয়োগ পাওয়া নেতারা হলেন আহম্মেদাবাদ (সদর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনজনুর রহমান, জিন্দারপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান। ডিলার হিসেবে নিয়োগ পাওয়া কর্মীরা হলেন উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সরকার, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মাত্রাই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবদুল আলীম ও জিয়াউল হক এবং আহম্মেদাবাদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মাহবুবর রহমান চৌধুরী। ৮ মার্চ উপজেলা ফেয়ার প্রাইস ও ডিলার নিয়োগ কমিটির সভায় তাঁদের ডিলার হিসেবে নিয়োগ চূড়ান্ত করা হয়। একমাত্র পুনট ছাড়া বাকি চারটি ইউনিয়নে দুজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়।উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে চার হাজার ৬৯০ জন দরিদ্র ব্যক্তির তালিকা তৈরির জন্য সম্প্রতি ফেয়ার প্রাইস কমিটি গঠন করা হয়। কমিটিতে গণ্যমান্য ও বিশিষ্টজনের কোটায় আওয়ামী লীগের উপরিউক্ত নেতা-কর্মীদের নেওয়া হয়।ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে জিন্দারপুরের মোহাম্মদ আলী ও বেলাল হোসেন বলেন, ‘প্রকৃত ব্যবসায়ী ও সব শর্ত পূরণ করার পরও আমাদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। অথচ শুধু আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদেই নীতিমালা লঙ্ঘন করে অব্যবসায়ীদের রাজনৈতিক বিবেচনায় ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ ডিলার হিসেবে নিয়োগ পাওয়া রেজাউল করিম সরকার বলেন, ‘সব শর্ত পূরণ করেই ডিলার হিসেবে নিয়োগ পেয়েছি। আওয়ামী লীগের রাজনীতি করি বলে ডিলারি করে খেতে পারব না, এটা কোনো কথা নয়।’ফেয়ার প্রাইস কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ উল্লাহ বলেন, রাজনৈতিক চাপে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে—এটা সত্যি। তবে যা হয়েছে সবই উপজেলা কমিটির সিদ্ধান্তক্রমে। কিছু নেতার টাকা কামানোর মানসিকতার কারণে কমিটিতে থাকার পরও ডিলার হিসেবে নিয়োগ নিয়েছেন।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ফেয়ার প্রাইস কমিটির সভাপতি মো. আবদুর রহিম বলেন, আওয়ামী লীগ-বিএনপি বা রাজনৈতিক দলের নেতা-কর্মী হলেই তাঁদের ডিলার নিয়োগ দেওয়া যাবে না—এমনটা নীতিমালার কোথাও উল্লেখ নেই। তিনি দাবি করেন, সব নীতিমালা অনুসরণ করেই সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বৃহত্তর রাজশাহী বিভাগের সমন্বয়ক সুব্রত কুমার পাল বলেন, ফেয়ার প্রাইসের মতো সরকারি কর্মসূচির সুফলভোগী ব্যক্তিদের তালিকা তৈরির কার্যক্রমে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দায়িত্ব দিলে দলীয়করণ করা হবে, এটাই স্বাভাবিক।