ব্যবস্থাপনা কমিটির সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্বের জের ধরে রংপুর নগরের রাধাকৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। প্রায় এক মাস ধরে প্রতিষ্ঠানটিতে ক্লাস হচ্ছে না। চার মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষক-কর্মচারীদের বেতন।
ক্লাস নেওয়ার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত শনিবার বিদ্যালয়ের সামনে রংপুর-পার্বতীপুর-বদরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এরপরও গতকাল রোববার কোনো ক্লাস হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল ইসলাম বলেন, অনেক দিন ধরে ক্লাস হয় না এটা ঠিক। বেতন বন্ধ হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খুব শিগগির সমস্যা মিটে যাবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রধান শিক্ষক এজাজুল ইসলাম, সহকারী শিক্ষক রাজ বিহারি বর্মণ ও আনোয়ারুল ইসলামকে বরখাস্ত করে। কিন্তু এই বরখাস্ত আদেশ মানেননি শিক্ষকেরা। তাঁরা পদ ছেড়ে না দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
এ অবস্থায় ব্যবস্থাপনা কমিটি সহকারী শিক্ষক আশিক ইকবালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়। কিন্তু এজাজুল ইসলাম তাঁকে দায়িত্ব হস্তান্তর করেননি। এরপর সহকারী শিক্ষক আতাউর রহমানকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু একই কারণে সেটিও কার্যকর হয়নি। শিক্ষক আতাউর রহমান বলেন, ‘আমি এ পদ চাইনি। কিন্তু কমিটি সিদ্ধান্ত নিয়েছে। প্রধান শিক্ষক থাকার পরও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়া যুক্তিসংগত মনে হয়নি আমার কাছে।’
তিন শিক্ষককে বরখাস্ত করা নিয়ে ব্যবস্থাপনা কমিটির মধ্যে বিরোধ দেখা দেয়। কমিটির প্রতি অনাস্থা জানিয়ে গত বছরের ফেব্রুয়ারি মাসে ১১ জন সদস্যের ছয়জনই পদত্যাগ করেন। কমিটি থেকে পদত্যাগ করা শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘সভাপতির স্বেচ্ছাচারিতার কারণে আমরা পদত্যাগ করেছি।’
এসব বিষয়ে বিদায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ থাকায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই দফায় দুজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক তা মানেননি। তিনি বিদ্যালয়টিকে কুক্ষিগত করার চেষ্টা করছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা বেগম বলেন, ‘শিক্ষা কার্যক্রম চালু করার জন্য আজই (রোববার) প্রধান শিক্ষক আমার কাছে এসেছিলেন। আশা করছি, খুব শিগগির পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’