কমিটি গঠন আর পথসভায় কেটেছে মহিউদ্দিনের
ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মধ্যে নির্বাচনী প্রচারণা সীমিত রেখেছেন আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। পাশাপাশি তাঁর চশমা হিলের বাসায় চলছে নির্বাচনী তৎপরতা। গতকাল বুধবার রাতে মহিউদ্দিন দুই ওয়ার্ডে নাগরিক কমিটি গঠন করেন। এ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি মেয়র পদে তাঁকে চতুর্থবারের মতো নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। দলীয় সূত্র জানায়, গতকাল রাতে নগরের পশ্চিম মাদারবাড়ী ও উত্তর পাঠানটুলী ওয়ার্ডে নাগরিক কমিটি গঠন করা হয়। এসব কমিটিই মহিউদ্দিনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। দুই ওয়ার্ডে কার্যক্রম শেষ করে রাতে নগরের নন্দনকানন এলাকায় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া সকাল-সন্ধ্যা তিনি চশমা হিলের বাসায় দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে মহিউদ্দিন ঢাকায় যাচ্ছেন। সেখানে চট্টগ্রামের আরও কয়েকজন নেতার সঙ্গে তাঁর দলের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা আছে।