কমিটি গঠন ছাড়াই সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় কমিটি গঠন ছাড়াই শেষ হয়েছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সভাপতি পদে দুই প্রার্থীর মতামত ভিন্ন হওয়ায় এই অবস্থা বলে জানা গেছে। গত শনিবার উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ সম্মেলন হয়।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সে সময় আবদুল মজিদ সভাপতি ও এ কে এম ছিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নয় বছর পর গত ২০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি আবদুল মজিদ এবং সদস্য খন্দকার শাহ আলম প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক পদে এ কে এম ছিদ্দিকুর রহমান একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সম্মেলনের প্রথম পর্ব সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। দ্বিতীয় পর্বে সভাপতি পদের দুই প্রার্থীকে নিয়ে উপজেলা ডাকবাংলোতে আলোচনায় বসেন জেলা আওয়ামী লীগের নেতারা। ওই নেতারা নিজেরা আলোচনা করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু এক প্রার্থী জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মানলেও অন্যজন কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে ছিলেন। ফলে কোনো সুরাহা ছাড়াই সম্মেলন শেষ হয়।
আবদুল মজিদ বলেন, ‘প্রার্থী দুজন হওয়ায় আলোচনায় কোনো ফলাফল আসেনি। রাত হওয়ায় কাউন্সিলররা বাড়ি ফিরে যান। আমি জেলা নেতাদের বলেছি, আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে নেব।’
অন্যদিকে খন্দকার শাহ আলম বলেন, ‘নেতারা যদি কমিটি ঘোষণা করেন, আমি তা মানব না। কাউন্সিলের মাধ্যমে ভোটাররা যে সিদ্ধান্ত দেবেন, আমি তা মেনে নেব।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্রার্থী দুজনকে নিয়ে আলোচনা করতে রাত হয়ে যাওয়ায় কিছু কাউন্সিলর (ভোটার) বাড়ি চলে যান। ফলে সভাপতি নির্বাচন না করেই কাউন্সিল শেষ হয়। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান।