কমিটি গঠন নিয়ে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের কমিটি গঠন নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। প্রত্যাশিত পদ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন নেতা-কর্মীরা। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে দুই পক্ষের নেতা-কর্মীরা নালিশ করেছে একে অন্যের বিরুদ্ধে। তার ওপর রয়েছে দলীয় অন্তঃ কোন্দল। রয়েছে জেলা বিএনপির দ্বিধাবিভক্তির প্রভাব। এ অবস্থায় আগামী ১০ অক্টোবর জেলা যুবদলের সম্মেলন হওয়ার কথা। কুমিল্লা টাউন হলে আয়োজিত সম্মেলনে কমিটি ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের ৩১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিরুজ্জামানকে আহ্বায়ক করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাক্ষরিত ওই কমিটিকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে জেলা সম্মেলন করতে বলা হয়। কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করতে পারেনি। একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হকের অনুসারীদের মধ্যে দ্বিধাবিভক্তি থাকায় নির্ধারিত সময়ে কমিটি হয়নি। তা ছাড়া উভয় নেতার অনুসারীরা শীর্ষস্থানীয় তিনটি পদ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন্দ্রীয়ভাবে তারা তৎপরতাও চালিয়ে যাচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অনুসারী জেলা যুবদলের আহ্বায়ক আমিরুজ্জামান সভাপতি পদে, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন। অন্যদিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হকের অনুসারী ও জেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া সভাপতি পদে, সাধারণ সম্পাদক পদে জেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে যুবদলের নেতা তরিক আহমেদ ভূঁইয়া প্রার্থী হচ্ছেন। তা ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বরুড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মালিক। এ ব্যাপারে মো. শাহ আলম বলেন, ‘২০ বছর ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আমি। সে জন্য যোগ্যতার মাপকাঠিতে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে আগ্রহী।’জানতে চাইলে জেলা যুবদলের আহ্বায়ক মো. আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘চলতি বছরের ১৯ আগস্ট আমরা সম্মেলন করার প্রস্তুতি নিই। কিন্তু রমজানের কারণে সেটা হয়নি। আমার কাজ সম্মেলন করে দেওয়া। দল চাইলে অবশ্যই সভাপতি পদে প্রার্থী হব। জেলা বিএনপির মূল স্রোতের নেতাদের সঙ্গে সমন্বয় করেই কমিটি হবে।’ অন্যদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে অনুমতি নিয়ে আমরা সম্মেলন প্রস্তুতি কমিটির মেয়াদ বাড়িয়েছি। সম্মেলনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা বিএনপি ও ছাত্রদলের শীর্ষস্থানীয় পদগুলো হারিয়েছি। এবার আমাদের জন্য যুবদলের পদ পাওয়াটা মরণ লড়াইয়ের মতো।’জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কমিটি নিয়ে দ্বিধাবিভক্তি নয়, বরং প্রতিযোগিতা রয়েছে। বড় দলে নেতা বেশি, তাই সবাইকে কাঙ্ক্ষিত পদে বসানো সম্ভব নয়। সে জন্য একটু মান-অভিমান রয়েছে।’১৯৯৩ সালে জেলা যুবদলের সর্বশেষ কমিটি হয়। দীর্ঘ সময়েও কমিটি না হওয়ায় ছাত্রদলের নেতারা যুবদলে অন্তর্ভুক্ত হতে পারেননি। এ কারণে কমিটি নিয়ে দ্বিধাবিভক্তি ছড়িয়ে পড়েছে।