কমিটি গঠন নিয়ে গুরুদাসপুর আ.লীগে কোন্দল বেড়েছে
কমিটি গঠন নিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের কোন্দল তীব্র আকার ধারণ করেছে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ে বিতর্কিত ও পছন্দের লোক দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলেছে। এ নিয়ে মামলাও হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলীর সঙ্গে কোন্দল শুরু হয়। এ নিয়ে এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা হয়। এই কোন্দল নিরসন না করেই সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন শুরু করেন।একতরফা কমিটি গঠনের অভিযোগে ৪ ফেব্রুয়ারি সাংসদ আবদুল কুদ্দুসের অনুসারীরা তাঁর বাড়িতে বর্ধিত সভার আয়োজন করেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ওই সভায় সাংসদ অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগকে বাদ দিয়ে পছন্দের লোকদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন করা হচ্ছে। এখন উপজেলা ও পৌর কমিটি গঠনেরও চেষ্টা চলছে।নির্বাচিত কমিটিকে না জানিয়ে ও বিতর্কিত লোকদের নিয়ে কমিটি গঠন করার অভিযোগে উপজেলার খুবজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী ও নাজিরপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক আদালতে দুটি মামলা করেন। ওই মামলায় সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী (পৌর মেয়র) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক বিবাদী করা হয়েছে।শাহনেওয়াজ আলী পছন্দের ও বিতর্কিত লোকজনকে দিয়ে কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে বলেন, গঠনতন্ত্র অনুসরণ ও এলাকায় মাইকিং করে তৃণমূল পর্যায়ে ব্যালট পদ্ধতিতে কমিটি গঠন করা হয়েছে। এখন উপজেলা ও পৌর কমিটির গঠন প্রক্রিয়া চলছে।আনিসুর রহমান জানান, সাংসদ আবদুল কুদ্দুসসহ তাঁর অনুসারীরা নেতা-কর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারণে তৃনমূল পর্যায়ে কোনো কমিটিতে থাকতে না পেরে তাঁরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান জানান, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও সাংসদ কুদ্দুসের নেতৃত্বেই নির্বাচিত হয়েছিলেন। এখন উপজেলা কমিটিকে বাদ দিয়ে সাংসদ নিজে দায়িত্ব নিয়ে কমিটি গঠন করতে চান। কিন্তু সেটা গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় উপজেলা কমিটি সাংগঠনিক প্রক্রিয়ায় দায়িত্ব পালন করছে। এ কারণে সাংসদ ও তাঁর অনুসারীরা ক্ষুব্ধ হয়েছেন। এতে জেলা কমিটি কোনো হস্তক্ষেপ করছে না।