কমিটি গঠন নিয়ে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় কলেজের পাঠদান কার্যক্রম ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ছাত্রলীগ জানায়, ২০০৩ সালের ফেব্রুয়ারিতে এই কলেজে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন আবু জাফর মো. মাহমুদুন্নবী। প্রায় ১১ বছর পর চলতি বছরের ১৫ জানুয়ারি মেয়াদোত্তীর্ণ ওই কমিটি ভেঙে দেয় জেলা ছাত্রলীগ। সম্মেলন না করে এভাবে কমিটি ভেঙে দেওয়া সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কাজ বলে দাবি করে আসছেন ওই আহ্বায়ক কমিটির নেতারা। এ নিয়ে জেলা কমিটির নেতাদের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়।
কমিটি ভেঙে দেওয়ার পর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল রাজী ও সাধারণ সম্পাদক মাশারাফি হিরো একজোট হয়ে তাঁদের পছন্দমতো নেতাদের নিয়ে কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেন। এতে কলেজ ছাত্রলীগের একটি অংশ সাবেক আহ্বায়ক মাহমুদুন্নবীর পক্ষ নেয়। কয়েক দিন ধরে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। উভয় পক্ষ কলেজে কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, কয়েক দিন ধরেই কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছিল। নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শুভেচ্ছা জানাতে গতকাল দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরোর নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে সংগঠনের একটি পক্ষ মিছিল বের করে।
এ সময় মাহমুদুন্নবীর নেতৃত্বে অপর অংশ ওই মিছিলে ধাওয়া করে। তখন কলেজের গ্রন্থাগার ভবন, প্রশাসনিক ভবনসহ কয়েকটি স্থানে আট থেকে নয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে মাশরাফি হিরোর পক্ষের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া করে মাহমুদুন্নবীর পক্ষের নেতা-কর্মীদের কলেজ ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেন। তখন মাহমুদুন্নবীসহ কয়েকজন নেতা অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেন। সেখানে মাহমুদুন্নবীকে বেলা দেড়টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা।
পরে মাহমুদুন্নবীর পক্ষের নেতা-কর্মীরা আবারও সংগঠিত হয়ে ক্যাম্পাসে আক্রমণ করতে আসছেন—এমন খবর পেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন পক্ষের নেতা-কর্মীরা দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার কারণে কলেজের পাঠদান কার্যক্রম ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মাহমুদুন্নবী বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র লঙ্ঘন করে জেলা কমিটি ইচ্ছামতো কলেজ কমিটি ভেঙে দিয়েছে।
হামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ থাকার পরও ভর্তি হতে আসা সাধারণ দুই শিক্ষার্থীর জন্য কলেজে এসেছিলাম। কলেজে আসামাত্র আমার ওপর হামলার চেষ্টা হয়। পরে অধ্যক্ষের কক্ষে আশ্রয় নিয়েছি।’
মাশরাফি হিরো অভিযোগ করেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে ১১ বছর ধরে ভর্তি বাণিজ্য, কলেজের অর্থ লোপাট, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিল আহ্বায়ক কমিটি। এ কারণে ওই কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে সাবেক আহ্বায়কের নেতৃত্বে বহিরাগত অছাত্ররা হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাঙ্গামা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঠদান ও কলেজের ভর্তি কার্যক্রম ব্যাহত হয়েছে।