কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, শ্রমিক দলের সভাপতি আহত
জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনসহ পাঁচজন আহত হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পঞ্চম তলায় এ সংঘর্ষ হয়। পরে কার্যালয়ের সামনের সড়কে সংঘর্ষ শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রমিক দলের কর্মীরা তাঁদের কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক দলের এক নেতা বলেন, কমিটি করার জন্য সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত কাউন্সিলরদের ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুমন ভুঁইয়া ও কাজী মো. আমীর খসরু। আর সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী হলেন বদরুল আলম ও মাহবুবুল আলম।
পরে ভোট গণনাকে কেন্দ্র করে দুই সভাপতি পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনসহ অন্য কেন্দ্রীয় নেতারা কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করতে গেলে তাঁর ওপর হামলা করা হয়। এতে আনোয়ার হোসেন, কাজী আমীর খসরুসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের চিকিত্সার জন্য ইসলামী ব্যাংক সেন্টার হাসপাতালে নেওয়া হয়।