প্রায় ১৬ বছর পর গত জুলাইয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এই কমিটি গঠনের পরই যেন দলের অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ রূপ নিয়েছে। পাল্টাপাল্টি মিছিলসহ বিভিন্ন ঘটনায় সাধারণ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২ জুলাই ফজলুর রহমানকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি করা হয়। এই কমিটিরই সহসভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানীর নেতৃত্বে একটি অংশ বর্তমান কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ, তিনি এবার সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন।দলের সাধারণ নেতা-কর্মীরা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক বর্তমান কমিটির পক্ষে থাকায় রাব্বানীর নেতৃত্বাধীন অংশ তাঁকেই টার্গেট করে। ওই অংশের অভিযোগ, জেলা ও উপজেলা পর্যায়ে ওসমান ফারুকের দলীয় কোনো পদ না থাকলেও তিনিই সব কলকাঠি নাড়ছেন, যা দলের দ্বন্দ্ব এই পর্যায়ে এনেছে।জানা যায়, কমিটি গঠনের পর থেকেই অভ্যন্তরীণ কোন্দল বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহে চারদলীয় জোটের জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। ওই জনসভা সামনে রেখে গত বুধবার ওসমান ফারুকের নিজ এলাকা করিমগঞ্জ উপজেলার বাঁশমহালে তাঁর সমর্থকেরা সভার আয়োজন করেন। একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকে জেলা বিএনপির নেতা রাব্বানীর পক্ষ বলে পরিচিত করিমগঞ্জ বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমান ও জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মোল্লা। সংঘর্ষ এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওসমান ফারুকের পরামর্শে করিমগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে রফিকুর রহমান ও জাহাঙ্গীর মোল্লা জেলা বিএনপির নেতা রাব্বানীর পক্ষে অবস্থান নেন। ওসমান ফারুককে ঠেকাতেই তাঁরা বাঁশমহালে পাল্টা সমাবেশ ডাকেন। সমাবেশ করতে না পেরে ওসমান ফারুক ওই দিন কিশোরগঞ্জে ফিরে এলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।পরদিন উভয় পক্ষ শহরে পাল্টাপাল্টি মিছিল করে। শুক্রবার রাতে ওসমান ফারুকের পক্ষে শহরে মিছিল বের করা হয়। এর জবাবে গতকাল শনিবার ওসমান ফারুকের বিরোধী পক্ষ শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা তাঁর কুশপুত্তলিকা পুড়িয়ে দেয়। গাড়ি ভাঙচুরের ঘটনায় ওসমান ফারুক কিশোরগঞ্জ থানায় ওয়ালীউল্লাহ রাব্বানী, রফিকুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এর পর থেকে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ শুরু হয়। জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল আহমেদ হতাশ কণ্ঠে বলেন, ‘প্রায় এক দশক ধরে জেলা বিএনপিতে যে দলাদলি চলছে, তাতে ভালো মানুষ বিএনপির রাজনীতি থেকে দূরে সরে গেছেন। অনেক ত্যাগী নেতা-কর্মীও রাজনীতি ছেড়ে দিয়েছেন।’ যোগাযোগ করা হলে ওসমান ফারুক বলেন, ‘আমি এলাকায় আছি। আমি চাই ভালো মানুষ বিএনপির রাজনীতিতে আসুক। কিন্তু দলের একটি স্বার্থান্বেষী মহল আমার উপস্থিতি সহ্য করতে পারছে না।’