১১ সদস্যের কমিটি ঘোষণার এক সপ্তাহ পর চট্টগ্রাম মহানগর যুবদল দৃশ্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগের নেতৃত্বে আছেন নতুন কমিটির সভাপতি কাজী বেলাল এবং অপর ভাগে নেতৃত্ব দিচ্ছেন কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। কাজী বেলালকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মোশাররফ হোসেনকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সমর্থন দিচ্ছেন বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার হঠাৎ করেই আলাদাভাবে কর্মসূচি পালন করেছে বিবদমান দুই পক্ষ। নেতা-কর্মীরা বলেছেন, এক-দেড় মাস আগেও যুবদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এক মঞ্চে সভা-সমাবেশ করতে দেখা গেছে।দলীয় সূত্র জানায়, এ দুটি ধারার বিপরীতে যুবদলের নগর কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম আজ সোমবার বিকেলে নাসিমন ভবন চত্বরে পৃথক আরেকটি সমাবেশের ডাক দিয়েছেন। তিনি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত।দলীয় সূত্র জানায়, নতুন ঘোষিত যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে গতকাল বিকেলে নগরে শোভাযাত্রা বের হয়। তিনি এত দিন আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ছিলেন। গতকাল তাঁর সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।নতুন কমিটির সভাপতি কাজী বেলালও গতকাল পৃথক মিছিল-সমাবেশের আয়োজন করেন। সাধারণ সম্পাদক মোশাররফ সমাবেশের ডাক দেওয়ায় তিনিও তড়িঘড়ি করে এ সমাবেশের ডাক দেন বলে জানা গেছে।প্রসঙ্গত, ১৯ নভেম্বর কাজী বেলালকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে ১১ সদস্যের নগর যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর কয়েক ঘণ্টা পর চট্টগ্রাম বিএনপির কয়েকজন নেতার চাপে দলের চেয়ারপারসন ওই কমিটি স্থগিত করেন বলে প্রচারণা চালানো হয়।আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি যতটুকু জানি, ঢাকা থেকে নগর যুবদলের কমিটি স্থগিত করা হয়। এরপর তারা কীভাবে মিছিল-সমাবেশ করেছে, তা আমার জানা নেই। এসব নিয়ে মাথাও ঘামাতে চাই না।’শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘কমিটি স্থগিতের কথা সঠিক নয়। পূর্বঘোষণা অনুযায়ী যুবদলের কর্মসূচি পালিত হয়েছে। এতে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেয়। তবে কাজী বেলাল আসতে দেরি করেছেন। তাই তিনি আমাদের সঙ্গে কর্মসূচিতে যোগ দিতে পারেননি।’মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের কমিটি স্থগিত করা হয়েছে বলে কেন্দ্র থেকে কোনো চিঠি দেওয়া হয়নি। কমিটি কার্যকর আছে। তারই অংশ হিসেবে আমরা তারেক রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন ও টিপাইমুখ বাঁধের প্রতিবাদে সমাবেশ করেছি।’সভাপতি কাজী বেলালের আলাদা কর্মসূচি পালন সম্পর্কে মোশাররফ বলেন, ‘উনি কী করেছেন, তা আমার জানা নেই।’এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করেও কাজী বেলালের সঙ্গে যোগাযোগ করা যায়নি।