কমিটি ছাড়াই মৌলভীবাজার বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই চলছে মৌলভীবাজার জেলা বিএনপি। প্রায় এক বছর আগে কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার কথা বলা হলেও এখনো পূর্ণাঙ্গ ও সর্বসম্মত একক কোনো কমিটি গঠন করা হয়নি। দলের দুটি অংশ আলাদাভাবে জাতীয় ও স্থানীয় বিভিন্ন কর্মসূচি পালন করছে। বিএনপির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, দলে বিভক্তি থাকায় সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে পুরো শক্তি কাজে লাগানো যাচ্ছে না। পূর্ণাঙ্গ কমিটি না হলে ও বিভক্তি থাকলে ভবিষ্যতের আন্দোলনেও সমস্যা হবে।জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কমিটি গঠন নিয়ে গত বছর জেলা বিএনপি দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। দুটি অংশ আলাদাভাবে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে। উভয় অংশ পাল্টাপাল্টি সভা-সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন। এই বিভক্তির প্রভাব পড়ে দলের উপজেলা পর্যায়েও। এক অংশের নেতৃত্ব দেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান। অপরদিকে অন্য অংশের নেতৃত্ব দেন সাবেক সাংসদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক বেগম খালেদা রব্বানী। এদিকে বিএনপি সূত্র জানিয়েছে, নাসের রহমানের নেতৃত্বাধীন অংশ ২০০৯ সালের ২৪ নভেম্বর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল করে। এই কাউন্সিলে এক হাজার ২০০ কাউন্সিলর উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। এই কাউন্সিলে নাসের রহমানকে সভাপতি, এম এ মুকিতকে সাধারণ সম্পাদক ও বকসী মিছবাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি গঠন করার পর সেই কমিটি অনুমোদনের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটি কাউন্সিলে গঠিত কমিটির অনুমোদন না দিয়ে সংশোধন করে ২০০৯ সালের ৬ ডিসেম্বর নাসের রহমানকে সভাপতি, খালেদা রব্বানীকে সাধারণ সম্পাদক ও এম এ মুকিতকে যুগ্ম সাধারণ সম্পাদক করে তিনজনের নাম ঘোষণা করে। কেন্দ্র থেকে পরবর্তী সময়ে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের কথা বলা হয়। এরপর একাধিকবার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা শোনা গেছে। কিন্তু প্রায় এক বছরেও জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। জেলা বিএনপির নাসের রহমান অংশের প্রস্তাবিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান গত রোববার প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্বাক্ষরে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা ছিল। কিন্তু নানা কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। তবে আমরা সভাপতির (নাসের রহমান) মাধ্যমে বা কখনো সরাসরি জাতীয় বিভিন্ন কর্মসূচি পালন করতে কেন্দ্রের নির্দেশ পাচ্ছি। পদ-পদবি না থাকলেও অনেক নেতা-কর্মীই সক্রিয় আছেন।’ নাসের রহমান রোববার প্রথম আলোকে বলেন, ‘জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত রয়েছে। এখন মহাসচিবের স্বাক্ষরের অপেক্ষায় আছে। কমিটি না থাকায় কিছু সমস্যা হয়তো হচ্ছে। আমরা তাঁদের (খালেদা রব্বানী অংশের) কয়েকজনের নাম যুক্ত করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির নাম জমা দিয়েছি। আশা করছি কিছু দিনের মধ্যেই কমিটি ছাড় দেওয়া হবে।’ নাসের রহমান জানান, দল সক্রিয় আছে। কমিটি হলে যাঁরা পদবিহীন ছিলেন, তাঁরা পদ পাবেন। এ ব্যাপারে খালেদা রব্বানী বলেন, ‘কমিটির তিনজনের নাম ঘোষণা সম্পর্কে আমি কিছু জানি না। আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে বলেও কোনো চিঠি দেওয়া হয়নি। তবে অনেক জায়গাতেই কমিটি নেই। সারা জীবন বিএনপি করেছি। কমিটির ওপর ভরসা করে বসে থাকলে তো চলবে না। আমরা নিয়মিত দলের কর্মসূচি পালন করছি। পদ-পদবি আমার কাছে কিছু না।’