সাত বছর পর অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়া উপজেলা, পৌর ও লোহাগড়া কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।একপর্যায়ে উপজেলা ছাত্রদলের সভাপতি টিপু সুলতান মঞ্চেই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন। এদিকে সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের তিনটি কমিটিই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।গত শুক্রবার লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল কাদের শিকদার। উপজেলা ছাত্রদলের সভাপতি টিপু সুলতান সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র জুলফিকার আলী মণ্ডল, লোহাগড়ার পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিকাত সরদার, জেলা যুবদলের আহ্বায়ক আলী হাসান, জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভী, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান প্রমুখ।উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোল্লা আকিদুল ইসলাম জানান, সম্মেলনে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকে বক্তৃতা দেওয়ার সুযোগ না দেওয়ায় টিপু সুলতানের ওপর নেতা-কর্মীদের ক্ষোভ কাজ করেছিল। একপর্যায়ে সন্ধ্যায় টিপু সুলতান তড়িঘড়ি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে গেলে জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ সময় কিছু ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মী মঞ্চে উঠে টিপু সুলতানকে মারধর করেন। এ অবস্থায় সম্মেলন শেষ হয়ে যায়।পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ফয়সাল আহমেদ বলেন, ‘লোহাগড়া ছাত্রদল বর্তমানে নেতৃত্বহীন। এখন আন্দোলন-সংগ্রামের সময়। দল গোছানোর সময়। অথচ কিছু নেতার স্বার্থপরতার জন্য কমিটি ঘোষণা পিছিয়ে গেল।’জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভী বলেন, ‘পরিবেশ অনুকূলে না থাকায় কমিটি ঘোষণা করা হয়নি। দ্রুত কমিটি ঘোষণা দেওয়া হবে। পুরোনো কমিটি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে।’