শিশুদের ভিটামিন এ খাওয়ানোর পর সৃষ্ট পরিস্থিতির কারণ তদন্তে গঠিত কমিটি কাল রোববার প্রতিবেদন জমা দিতে পারছে না। কমিটির কাজের মেয়াদ আরও কয়েক দিন বাড়বে। কমিটির একাধিক সদস্য এ কথা জানিয়েছেন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ১৩ মার্চ অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) মো. শফিকুল ইসলাম লস্করকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। অফিস আদেশে বলা হয়েছিল, কমিটি ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সে অনুযায়ী ৩১ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে একটি সূত্র জানিয়েছে, কাজ শেষ করতে না পারায় কমিটির কাজের মেয়াদ আরও সপ্তাহ খানেক বাড়তে পারে।১২ মার্চ সারা দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর শিশুদের অসুস্থতা নিয়ে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। সরকারের দাবি, একটি মহলের অপপ্রচারের কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।অপপ্রচার ও গুজবের উৎস ও কারণ নির্ধারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত রীতি অনুযায়ী ওষুধ সংগ্রহ ও সংরক্ষণ হয়েছে কি না, ক্যাপসুল সরবরাহের সময় চুরি হয়েছিল কি না, দরপত্রের শর্ত অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয়েছিল কি না, ওষুধের মেয়াদ ঠিক ছিল কি না—কমিটিকে এসব তদন্ত করতে বলেছিল মন্ত্রণালয়।কমিটির একাধিক সদস্য বলেছেন, অপপ্রচার ও গুজবের উৎস ও কারণ নির্ধারণ করতে গেলে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া দরকার। এ জন্য আরও সময় লাগবে।