কমিটি তিন মাসেও তদন্ত শুরু করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক ও আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বাওচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের ১১টি গাছ কেটে বিক্রির অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তিন মাসেও কমিটি তদন্ত শুরু করেনি।
এলাকার কয়েকজন বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাওচণ্ডী খিয়ারপাড়া গ্রামের নার্সারি ব্যবসায়ী আতাউর রহমান ওই বিদ্যালয়ের চত্বরে ১৩-১৪ বছর আগে বিনা মূল্যে কিছু ইউক্যালিপটাস, আম ও কাঁঠালগাছ লাগান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক গত ১২ আগস্ট ১১টি ফলদ ও বনজ গাছ কেটে বিক্রি করে দেন। এ ঘটনায় ১৮ আগস্ট আতাউর বাদী হয়ে গণেশ ও রাজ্জাকের বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। ইউএনও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম আক্তার, মনিরুজ্জামান ও আবু হেনা মো. মোস্তফা কামাল। ওই কমিটি গঠনের তিন মাস অতিবাহিত হলেও এখনো তদন্ত শুরু হয়নি।
জানতে চাইলে ওই তদন্ত কমিটির প্রধান শামীম আক্তার বলেন, ‘তদন্তের দায়িত্ব পেয়ে অভিযুক্ত ব্যক্তিদের নামে চিঠি ইস্যু করেছিলাম। কিন্তু বাদী অভিযোগ তুলে নেওয়ায় তদন্ত করা হয়নি।’ তবে আতাউর বলেন, তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। বরং তিনি হতাশা প্রকাশ করে বলেন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হলো না।
মুঠোফোনে অভিযুক্ত গণেশ চন্দ্র রায় বলেন, ‘বিধি মোতাবেক স্কুলের গাছ কেটেছি।’ এ কথা বলেই তিনি সংযোগ কেটে দেন। পরে আর তিনি ফোন ধরেননি। গতকাল বুধবার সকালে প্রধান শিক্ষক রাজ্জাক মুঠোফোনে বলেন, ‘বিদ্যালয়ের প্রয়োজনে গাছ কেটেছি। এটা দোষের কী?’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ওই গাছ কাটার অভিযোগে ইউএনওর নির্দেশে তিন সদস্যের কমিটি করেছি। অবশ্যই কমিটিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে হবে।’