নেত্রকোনায় কমিটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বেড়েই চলেছে। এ কারণে দলের শীর্ষস্থানীয় নেতারা এক মঞ্চে বসতে পারছেন না। কোন্দলের জের ধরেই গত ১৯ আগস্ট জেলা বিএনপি সভা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং সদর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। তিন দফা কমিটির সভাপতির পদ বদলের পর গত বছরের ২৫ জুলাই কেন্দ্রীয় কমিটি ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। ওই কমিটিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হককে সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খানকে যুগ্ম সম্পাদক, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খানকে সহসম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান নুরু ও আনোয়ারুল হককে সদস্যপদ দেওয়া হয়। আর এই কমিটির সভাপতি করা হয় আশরাফ উদ্দিন খানকে। কমিটিতে পছন্দের পদ না পাওয়ায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা দলীয় কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে নেন। পরে তাঁরা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন শুরু করেন। ফলে জেলায় সরকারবিরোধী আন্দোলন জোরদার হচ্ছে না।
দলের এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সহসভাপতি আবদুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন খান। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান, জেলা বিএনপির সদস্য খোরশেদ আলম মিয়া, সহসভাপতি মাহফুজুল হক, সদস্য আনোয়ারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, জেলা ছাত্রদলের সভাপতি এস এম মনিরুজ্জামান প্রমুখ।
১৯ আগস্ট জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খোরশেদ আলম মিয়া, মাহফুজুল হক, জেলা বিএনপির সহসভাপতি এ টি এম আবদুল বারী, মজিবুর রহমান খান ও ছাত্রবিষয়ক সম্পাদক এস এম মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিএনপির নেতা খোরশেদ আলম মিয়া বলেন, ‘জেলা কমিটি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকায় আমরা প্রতিবাদ করেছি। দেশনেত্রী খালেদা জিয়া যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম জোরদার করার চেষ্টা করছেন, তখন দলের ভাবমূর্তি নষ্ট ও দলে বিভাজন সৃষ্টির জন্য অগণতান্ত্রিকভাবে আমাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সদর উপজেলা কমিটি।’
জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার দাবি করেন, ‘দলে কোনো কোন্দল নেই। জেলা কমিটির নাম দিয়ে একই দিনে আলাদাভাবে ইফতার পার্টির আয়োজন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরাই সব নিয়ন্ত্রণ করছি।’
জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান বলেন, ‘বর্তমান কমিটি পকেট কমিটি। এ কমিটি কীভাবে হয়েছে, তা আমরা জানি না। যেখানে দেশনেত্রী নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে, কোনো কমিটি ভাঙা যাবে না, সেখানে তাঁরা ম্যাডামের নির্দেশ অমান্য করে সদর উপজেলা কমিটি ভেঙেছেন। যাঁরা এ কাজ করেছেন, তাঁরা দলের ভালো চান না।’
জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান জানান, গঠনতন্ত্রবিরোধী কাজ করায় দলের কয়েকজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সদর উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ এবং ওই কমিটির সদস্যরা শৃঙ্খলাবিরোধী কাজ করেন। এ কারণে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিএনপির সমর্থক এ কে এম আবদুল্লাহ বলেন, ‘আমরা দলে বিভাজন চাই না। জেলা বিএনপির বর্তমান কোন্দলের অবসান চাই।’