বরিশালে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনের এককভাবে গঠন করা ওয়ার্ড, থানা ও কলেজ কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে ছাত্রলীগের দুটি পক্ষ পাল্টাপাল্টি মিছিল করেছে। বরিশাল মহানগর ছাত্রলীগের একাংশ জানায়, জসিমউদ্দিন গত রোববার একতরফা নগরের ২৮টি ওয়ার্ড, চারটি থানা ও চারটি কলেজ কমিটি ঘোষণা করেন। এ ব্যাপারে মহানগর কমিটির সাধারণ সম্পাদক অসীম দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক তৌসিক আহমেদের সম্মতি নেওয়া হয়নি। বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হয়েছে।জসিমউদ্দিন দাবি করেন, কেন্দ্রের নির্দেশনা পেয়ে কমিটিগুলো করা হয়। মহানগর কমিটিকে শক্তিশালী করতে একাধিকবার সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে অনুরোধ করলেও তিনি ওপরের নির্দেশ নেই বলে এড়িয়ে যান। অসীম দেওয়ান বলেন, কমিটি গঠন নিয়ে সভাপতির সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে, এটা ঠিক। কিন্তু সভাপতি প্রভাব বিস্তার করতে চাইলে সমস্যার সৃষ্টি হয়। পরে সভাপতি একক স্বাক্ষর দিয়ে কমিটি গঠন করেন।এসব কমিটি বাতিলের দাবিতে গত সোমবার রাতে অসীম দেওয়ান ও তৌসিক আহমেদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি অংশ নগরে বিক্ষোভ মিছিল করেছে। ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সৈয়দ শামসুল আরিফিন বলেন, নগরের ১৫টি ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি আগে থেকেই বহাল রয়েছে। কোনো ওয়ার্ড নেতাকেই এসব কমিটি বিলুপ্ত করার চিঠি দেওয়া কিংবা মৌখিকভাবে জানানো হয়নি। তাহলে নতুন কমিটি হয় কীভাবে? অন্যদিকে, ছাত্রলীগের অপর অংশ সভাপতি ঘোষিত ওয়ার্ড কমিটিকে স্বাগত জানিয়ে নগরের বিভিন্ন ওয়ার্ডে আনন্দ মিছিল করেছে।মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি বাতিল করে বরিশাল মহানগর সভাপতি জসিমউদ্দিনকে ১৫ দিনের মধ্যে কেন ওই কমিটি করা হয়েছে, তার কারণ দর্শাতে বলা হয়েছে।ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি অনুমোদন দিতে হলে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েরই যৌথ স্বাক্ষর ও সমঞ্চতি থাকতে হবে। অন্যথায় ওই কমিটি বৈধতা পায় না। তাই ওই কমিটিগুলো বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে মহানগর সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সব কমিটি বাতিল করার পর সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের সমর্থকেরা মঙ্গলবার রাতে নগরে আনন্দ মিছিল বের করেন। অন্যদিকে, বুধবার দুপুর ১২টায় সভাপতি জসিমউদ্দিনের সমর্থকেরা কমিটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।জসিমউদ্দিন বলেন, ‘কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। আমি এর উত্তর দেব।’