মেহেরপুর সরকারি কলেজের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত শনিবার পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ঘটনায় কমিটি গঠনের জন্য ডাকা সম্মেলনও পণ্ড হয়ে যায়। এ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় মেহেরপুর সরকারি কলেজ গতকাল রোববার থেকে বন্ধ ঘোষণা করেছে। কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, ৩০ জুলাই ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে কলেজ মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কমিটি গঠন নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলামের পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে সভাপতি সাফুয়ান উদ্দিন আহমেদের পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সাফুয়ান আহমেদের পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ খানের নেতৃত্বে ৪০-৫০টি মোটরসাইকেল যোগে ছাত্রলীগের কর্মীরা কলেজে ঢুকলে উত্তেজনার সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম জানান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজীব রহমান ও শহর ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ-উর-রহমান পদত্যাগ করায় তাঁদের জায়গায় যুগ্ম আহ্বায়ক রাফিউল ইসলাম ও মাফিজুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটি কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সম্মেলনের ডাক দিয়েছিল। কিন্তু সাফুয়ান আহমেদের পক্ষের নেতা-কর্মীরা এই কমিটিকে মানছেন না। তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কলেজ ছাত্রলীগের সম্মেলন পণ্ড হলো।সাফুয়ান উদ্দিন আহমেদ জানান, ছাত্রলীগের দুই নেতা পদত্যাগ করায় মেহেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়ে গেছে। এখন তাঁদের নেতৃত্বে বিলুপ্ত কলেজ কমিটি গঠন সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও অবৈধ। তাই সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠনে তাঁরা বাধার সৃষ্টি করেছেন।কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন জানান, ছাত্রলীগের কলেজ কমিটি গঠনে দুই পক্ষ মারমুখি অবস্থান নেওয়ায় কলেজের পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত হলে কলেজ চালু হবে।