বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সদ্যঘোষিত কমিটি নিয়ে তুমুল বিতর্ক আর ক্ষোভ বিরাজ করছে। ২০১৬ সালে সম্মেলনের সময় সভাপতি-সম্পাদকসহ ছয় সদস্যের কমিটি ঘোষণার পর গত ২৭ জুলাই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়া ও পদবঞ্চিত একাধিক নেতার দাবি, ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক এনামুল হোসাইন ও সহসম্পাদক গোলাম রসুলসহ অন্তত পাঁচজন রয়েছেন, যাঁরা আগে বিএনপির অঙ্গসংগঠন ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কয়েকজন আছেন বিবাহিত ও অছাত্রও। আবার বেশ কয়েকজন ত্যাগী নেতা হয়েছেন পদবঞ্চিত।
এ ঘটনায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকে উপজেলা ছাত্রলীগের ভেতরে ও বাইরে চলছে চরম ক্ষোভ ও উত্তেজনা। ঘোষিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
পদবঞ্চিত কয়েকজন অভিযোগ করেছেন, সদ্যঘোষিত কমিটির সাধারণ সম্পাদক এনামুল হোসাইন একসময় পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। সহসম্পাদকের পদ পাওয়া গোলাম রসুল পাথরঘাটা সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় শিবিরের সভাপতি ছিলেন। উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদকের পদ পাওয়া আল-আমিন ওরফে নাদিম বর্তমান পৌর ছাত্রদলের সহস্কুলবিষয়ক সম্পাদক।
এ ধরনের একজন পদবঞ্চিত নেতা শাহজাদা আহম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, প্রায় দুই ডজন বিবাহিত ও অছাত্র নিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগকে রক্ষা করতে হলে দ্রুত বিবাহিত ও অছাত্রদের বাদ দিয়ে নতুন কমিটি করা হোক। আর না হয় এসব অনুপ্রবেশকারীর হাতে সংগঠন অনিরাপদ হয়ে পড়বে।
উপজেলা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়া আল আমিন পাথরঘাটা পৌর ছাত্রদলের সহস্কুলবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন বলে পাথরঘাটা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ নিশ্চিত করেছেন। একইভাবে সহসম্পাদক গোলাম রসুল ছাত্রশিবিরের পাথরঘাটা সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন বলে ওই মাদ্রাসা শাখা ছাত্রলীগরে সাবেক সাধারণ সম্পাদক শহিদুল গাজী নিশ্চিত করেছেন।
একইভাবে সাধারণ সম্পাদক এনামুল হোসাইন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আইনবিষয়ক সম্পাদক ছিলেন বলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী হাওলাদার প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনামুলের বাবা সাবেক ইউপি সদস্য মো. মাসুম মিয়া চরদুয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি।
তবে অভিযোগ অস্বীকার করে এনামুল হোসাইন বলেন, ‘উপজেলা স্বেচ্ছাসেবক দলের কোনো পদে আমি ছিলাম না। তা ছাড়া আমার বাবা কোনো দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।’
সহসম্পাদক গোলাম রসুলও বলেন, ‘ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বলে কেউ প্রমাণ দিতে পারবে না। তবে আমি বিবাহিত এ কথা সত্য।’
উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক আল আমিন বলেন, ‘শিক্ষা সনদ অনুযায়ী আমার নাম আল আমিন নাদিম, আর পাথরঘাটা পৌর ছাত্রদলের সহস্কুলবিষয়ক সম্পাদক, তাঁর নাম মো. নাদিম। ওই নাদিম কে তা আমার জানা নেই। আর এখানে স্থায়ীভাবে রাজনীতি করার ইচ্ছাও আমার নেই। সেনা বা নৌবাহিনীতে চাকরির চেষ্টা করছি।’
একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের ১০ অক্টোবর পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের সাড়ে নয় মাস পর ২০১৬ সালের ৩০ জুলাই হাফিজুর রহমানকে সভাপতি, তরিকুল ইসলামকে জ্যেষ্ঠ সহসভাপতি ও এনামুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার এক বছর পর গত ২৭ জুলাই ৯৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান বলেন, ‘কমিটির বিষয়ে কিছু অভিযোগ আছে। আমরা বিষয়টি তদন্ত করছি। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।’