কমিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
রংপুরের বদরগঞ্জ লোহানীপাড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে থাকায় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে এ বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে ওই বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এ সময় বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের মণ্ডলকে ছয় মাসের জন্য ওই কমিটির সভাপতি করা হয়। গত ১১ জুন বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু বেলাল, রেজা মণ্ডল, আবদুল কুদ্দুস ও রামজিত মিনজি নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এলাকার শতাধিক অভিভাবকের স্বাক্ষর করা ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সবকিছু অত্যন্ত গোপনে সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী তা জানতেন না। এমনকি নির্বাচন অনুষ্ঠানসংক্রান্ত কোনো নোটিশ বিদ্যালয়ের নোটিশ বোর্ডে পর্যন্ত টাঙানো হয়নি।গোপনে অভিভাবক সদস্য নির্বাচন করায় আবু তাহের মণ্ডলের নেতৃত্বে একটি পক্ষ বিদ্যালয়ের দুর্নীতি প্রতিরোধ ও শিক্ষা বাঁচাও আন্দোলন পরিষদ নামে একটি কমিটিও গঠন করেছে। এ পরিষদের ব্যানারে এলাকায় বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, প্রধান শিক্ষকের নেতৃত্বেও একটি পক্ষ এলাকায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী বলে, ‘এখন ঠিকমতো ক্লাস হয় না। খালি গণ্ডগোল। তাই কয় দিন স্কুলে যাই না।’বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আবু বেলাল ও প্রধান শিক্ষক নূরুল ইসলাম গত ১৪ সেপ্টেম্বর রংপুর সহকারী জজ আদালতে আন্দোলন পরিষদের আহ্বায়ক আবু হানিফসহ আটজনকে বিবাদী করে মামলা করেছেন।প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, গোপনে নয়, বিধি মোতাবেক অভিভাবক সদস্য নির্বাচন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। আন্দোলনকারীদের কর্মসূচির কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার বলেন, ‘দুপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলাম। কিন্তু পরে এক পক্ষ আদালতের আশ্রয় নেওয়ায় তদন্ত কমিটির কার্যক্রম থেমে গেছে।’