কমিটি নিয়ে দ্বন্দ্বে চার দিন ধরে বিদ্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া উচ্চবিদ্যালয়ে গত শনিবার থেকে তালা ঝুলছে। চার দিন ধরে সেখানে পাঠদান বন্ধ রয়েছে।জানা গেছে, বিদ্যালয়টি ১৯৪৯ সালে স্থাপিত হয়। গত বছরের ১১ জুন বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন অত্যন্ত গোপনে সম্পন্ন হয়। এতে অভিভাবক সদস্য পদে আবু বেলাল, রেজা মণ্ডল, আবদুল কুদ্দুস ও রামজিত মিনজিকে মনোনীত করা হয়। কমিটি বাতিলের দাবিতে গত বছরের ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রংপুর জেলা প্রশাসক এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অভিভাবকেরা লিখিত অভিযোগ দেন, কিন্তু কোনো কাজ হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে আবু হানিফের নেতৃত্বে শতাধিক অভিভাবক গত শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে আবু হানিফ ও বেলাল হোসেনের পক্ষে পৃথক সুধী সমাবেশের আহ্বান করা হলে উত্তেজনা দেখা দেয়। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় ইউএনও রেজাউল আলম সরকার গতকাল সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যালয়ের আশপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেন।অভিভাবক আবু হানিফ অভিযোগ করেন, ‘অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে সব অভিভাবককে নিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়েছি।’উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবু তাহের মণ্ডল বিদ্যালয়ের ওই পরিচালনা পরিষদকে প্রধান শিক্ষকের পকেট কমিটি উল্লেখ করে বলেন, ‘কমিটি বাতিলের অভিযোগ প্রশাসনে দিতে দিতে হয়রান হয়ে গেছি, কিন্তু কাজ হয়নি।’প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, বিধি অনুযায়ী অভিভাবক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনে কোনো অনিয়ম হয়নি। একটি স্বার্থান্বেষী মহল সন্ত্রাসী কায়দায় বিদ্যালয়ে তালা ঝুলিয়েছে। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন বলেন, সন্ত্রাসী কায়দায় কিছু লোক শিক্ষক ও ছাত্রছাত্রীদের ক্লাস থেকে বের করে দিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে।