কমিটি বাতিল চেয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের আদেশ চেয়ে আদালতে মামলা করেছেন সংগঠনের সাবেক ১৩ নেতা। মেয়াদোত্তীর্ণ ও অছাত্রদের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি করেছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, সমর দাস, মিজানুর রহমানসহ ১৩ জন। আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) এইচ এম কবির হোসেন মামলাটি গ্রহণ করে শুনানির জন্য রেখে দিয়েছেন।
মামলার বিবাদীরা হচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান।
মামলা দায়ের করা মহানগর ছাত্রলীগের সাবেক নেতারা জানান, ২০১১ সালের ৯ জুলাই মো. জসিমউদ্দিনকে সভাপতি ও অসীম দেওয়ানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। গঠনতন্ত্র অনুযায়ী কমিটি হবে এক বছরের জন্য। তা ছাড়া কমিটিতে অন্তর্ভুক্তির জন্য বয়স হতে হবে ২৭ বছর। কিন্তু বর্তমান মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেদের বয়স ৩০ পেরিয়ে গেছে। কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও কমিটি বাতিল করা হয়নি। যার কারণে নতুন নেতৃত্ব গড়ে উঠছে না। কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্রের ধারা লঙ্ঘন করেছে।
জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, কমিটি বাতিল কিংবা নতুন কমিটি গঠনের উদ্যোগ না নেওয়ায় মামলা করা হয়েছে।