কমিটি বাতিলের দাবি, ৩৮ জনের পদত্যাগের হুমকি
সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে একাংশের নেতারা গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। তা না হলে তাঁরা কমিটি থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নতুন কমিটির সভাপতি ফজলুল হক আছপিয়ার পক্ষের নেতারা এই সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর। লিখিত বক্তব্যে বলা হয়, নতুন কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের না রেখে যাঁরা এক-এগারোর সময় বেগম খালেদা জিয়া ও দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাঁদের রাখা হয়েছে। জেলা শহরের নেতাদের বঞ্চিত করা হয়েছে; জ্যেষ্ঠতা মানা হয়নি। তিনজন ব্যক্তির নাম এসেছে নয়বার। কেন্দ্রকে ভুল বুঝিয়ে একটি চক্র এই কমিটি অনুমোদন করিয়েছে।আবুল মনসুর জানান, কমিটি বাতিল না হলে কমিটি থেকে তাঁরা ৩৮ জন পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁদের মধ্যে ফজলুল হক আছপিয়া নেই। বিএনপির নেতা ওয়াহিদ আহমদ বলেন, ‘আমরা পদের জন্য নয়, দলের স্বার্থে আন্দোলন করছি।’সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতা ওয়াহিদ আহমদ, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন, সুয়েব আহমদ, কাজী নাসিম উদ্দিন, মনিরুল ইসলাম, সোহেল আহমদ, আবদুল্লাহ আল নোমান, জুয়েল আহমদ, জি এম তাশহিজ, ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।২৭ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই পক্ষের মধ্যে সমঝোতা করে সাবেক সাংসদ ফজুলল হক আছপিয়াকে সভাপতি, সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫২ সদস্যের কমিটির অনুমোদন দেন। দলের একাংশ কমিটিকে স্বাগত জানালেও অপর পক্ষ দাবি করেছে, কোনো সমঝোতা হয়নি।