কমিটি বাতিলের দাবি পাঁচজনের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে পাবনা জেলা বিএনপির একটি পক্ষ। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এই পক্ষ।এদিকে দায়িত্ব পালনে অপরাগতা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন প্রথম যুগ্ম সম্পাদক মো. সাব্বির হাসান, সমবায় সম্পাদক মাহফুজুর রহমান, সহপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য মনি তালুকদার ও হাবিবুর রহমান। সাব্বির হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এই কমিটি নিয়ে বিতর্ক উঠেছে, সেহেতু আমরা কমিটিতে থাকতে পারি না। তাই পদত্যাগ করে অবসর নিলাম।’এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, জেলা বিএনপিতে কোনো বিরোধ নেই। প্রকৃত নেতারা কমিটি নিয়ে কোনো আপত্তি প্রকাশ করেননি। যাঁরা অবসরের কথা বলেছেন, তাঁরা কোনো অভিমান থেকে এমনটি করতে পারেন। অচিরেই এসব ঠিক হয়ে যাবে।গতকাল ছিল বিদ্রোহী পক্ষের ঘোষিত কর্মসূচি পালনের তৃতীয় দিন। সকাল থেকে এ অংশের কর্মী-সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে আসতে থাকেন। বেলা একটার দিকে সেখান থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে নবগঠিত কমিটি বাতিল করে দলের বাদ পড়া ত্যাগী নেতাদের অবিলম্বে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘নবগঠিত কমিটি একপেশে। এখানে তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই এ কমিটিতে আমি থাকতে চাই না।’ সর্বশেষ বিলুপ্ত কমিটির অপর যুগ্ম সম্পাদক আহসান আহম্মেদ বলেন, ‘কোনো অবস্থাতেই এই কমিটি আমরা মেনে নেব না। অবিলম্বে কমিটি বাতিল না করলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সর্বশেষ বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক আবুল হাসেম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবদুুল আলীম, সহসাংগঠনিক সম্পাদক শেখ শামসুল, দপ্তর সম্পাদক ফেরদৌস মঞ্জু, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল হান্নান, কার্যকরী সদস্য জুলফিকার রহমান, আবদুল্লাহ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ২০০৯ সালের জুন মাসে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত বছরের ৯ জুন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আহ্বায়ক করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি থেকে বাদ পড়া নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হন। এ কারণে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে পাবনা জেলা বিএনপি। একপর্যায়ে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র কামরুল হাসানের নেতৃত্বে তৈরি হয় বিদ্রোহী অংশ। সর্বশেষ ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় এ বিরোধ চরম আকার ধারণ করেছে।