সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি গঠন অগঠনতান্ত্রিক ও অবৈধ উল্লেখ করে এই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গঠিত আহ্বায়ক কমিটি থেকে ১২ জন সদস্য তাঁদের পদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার সকালে সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা তালুকদারের মুজিব সড়কের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সালের ৭ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে কাউন্সিলরদের ভোটে আজাহার আলী খানকে সভাপতি ও তাঁকে (মিজানুর রহমানকে) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ২০১৫ সালের ৯ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার কাছে জমা দেওয়া হয়। গোলাম কিবরিয়া কমিটির তালিকায় সই করে নির্বাচিত কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন এবং কেন্দ্র থেকে জেলা কমিটি অনুমোদনের পর উপজেলা কমিটি অনুমোদনের ব্যবস্থা করা হবে বলে জানান।
পরে জেলা আওয়ামী লীগের কমিটি কেন্দ্র থেকে অনুমোদন হতে দেরি হওয়ায় উপজেলা কমিটি অনুমোদনেও বিলম্ব ঘটে। এর মাঝে উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি আজহার আলী খান মারা যান। আর কয়েক মাস পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মারা যান। যে কারণে উপজেলা কমিটি অনুমোদনের বিষয়টি থেমে যায়। পরে স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির একাধিক সভায় উপজেলা কমিটি অনুমোদনের জন্য অনুরোধ করা হয়। কিন্তু জেলা আওয়ামী লীগ কমিটি অনুমোদনে কালক্ষেপণ করে।
সর্বশেষ চলতি বছর জুলাই মাসে জেলা আওয়ামী লীগের এক সভায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে উপজেলা আওয়ামী লীগের বিষয়ে করণীয় ঠিক করা হবে মর্মে সিদ্ধান্ত হয়। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ছাড়াই ৯ সেপ্টেম্বর ৫১ সদস্যবিশিষ্ট সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মিজানুর রহমান তিনি আরও বলেন, ‘একটি নির্বাচিত কমিটি থাকা অবস্থায় আহ্বায়ক কমিটি গঠন অগণতান্ত্রিক এবং গঠনতন্ত্র পরিপন্থী। সে জন্য আমরা এই আহ্বায়ক কমিটি বাতিলের দাবি করি। একই সঙ্গে আহ্বায়ক কমিটিতে নাম থাকা আমাদের নির্বাচিত কমিটির ১২ জন সদস্যর নাম আহ্বায়ক কমিটি থেকে প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।’ তিনি নির্বাচিত কমিটিকে অনুমোদনের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা ওরফে খোকা, শহিদুল আলম, সাইফুল ইসলাম, রঞ্জু মিয়া, ফিরোজ আহমেদ প্রমুখ।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত বলেন, সদর উপজেলা কমিটির সভাপতি মারা যাওয়ায় দলের কার্যক্রম ঝিমিয়ে পড়ে। দলীয় কর্মকাণ্ড চাঙা করতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ওই কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অচিরেই কাউন্সিলের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এখানে কোনো অনিয়ম করা হয়নি।