কমিটি বাতিলের দাবিতে আজ শহরের সব কলেজে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের সব সরকারি ও বেসরকারি কলেজে আজ মঙ্গলবার ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে কুমিল্লা-৬ ( আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারীরা এ ধর্মঘট ডেকেছেন। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে শহরে মাইকিং করা হয়।সাংসদ বাহাউদ্দিনের অনুসারী আহসানুল কবীর বলেন, গত ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্থানীয় সাংসদের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থান পাননি। কমিটিতে অছাত্র, মাদক ব্যবসায়ী ও বিবাহিত ব্যক্তিরা স্থান পেয়েছেন, যাঁদের দিয়ে আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলন বেগবান করা সম্ভব নয়। তাই মঙ্গলবার ছাত্র ধর্মঘট আহ্বান ও শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।