কমিটি বাতিলের দাবিতে ডাকা সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেসক্লাবে গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ডাকা সংবাদ সম্মেলন চলাকালে তা স্থগিত করা হয়েছে। এ জন্য কমিটির আহ্বায়ক উপস্থিত সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, গত ১৪ নভেম্বর উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামসহ জেলার বিভিন্ন উপজেলার সাংসদ ও নেতারা উপস্থিত ছিলেন। মতামতের ভিত্তিতে মীর শহিদুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ তানভীর ইমামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণার পর থেকে স্থানীয় নেতা-কর্মীরা দ্বিমত পোষণ করেন। বিষয়টি কেন্দ্রীয় মহলে আলোচিত হওয়ার ৪৬ দিন পর জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপজেলা কমিটি বাতিল করে ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। এ কমিটিতে মীর শহিদুল ইসলামকে আহ্বায়ক, সাবেক সাংসদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ বিন-হাবীব, ইদ্রিস আলী ও মাহবুব সারোয়ারকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
আহ্বায়ক কমিটির তালিকা পাওয়ার পর উপজেলার নেতা-কর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। এই কমিটি বাতিলের দাবিতে গতকাল দুপুর ১২টায় উল্লাপাড়া প্রেসক্লাবে কমিটির আহ্বায়কসহ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণ পরই আহ্বায়ক মীর শহিদুল ইসলামের মুঠোফোনে একটি কল আসে। সঙ্গে সঙ্গে তিনি সম্মেলন স্থগিত করেন এবং উপস্থিত সাংবাদিকদের কাছে এ জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
মীর শহিদুল ইসলাম বলেন, বিশেষ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হলো।