কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। একই দিন তাঁরা সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ সময় তাঁরা জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমানসহ তিন নেতার কুশপুতুলে আগুন দেন।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বদরুল মোমেনকে সভাপতি ও মো. আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে নিকলী উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ওই ঘোষণার পর থেকেই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করছেন অপর পক্ষের নেতা-কর্মীরা । তাঁরা উপজেলা তৃনমূল বিএনপির ব্যানারে আন্দোলন করছেন।
গতকাল বেলা দুইটার দিকে কমিটি বাতিলের দাবিতে নিকলী নতুন বাজার এলাকায় জুতা মিছিল বের করা হয়। এ সময় নেতা-কর্মীরা জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহর কুশপুতুলে আগুন দেন। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নতুন বাজার এলাকায় উপজেলা তৃণমূল বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর সেখানে সংবাদ সম্মেলন করে নতুন কমিটি প্রত্যাখ্যান করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা তৃণমূল বিএনপির আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, জেলা কমিটি অনিয়মতান্ত্রিকভাবে পকেট কমিটি গঠন করেছে। কোনো অবস্থাতেই এই কমিটি মেনে নেওয়া হবে না। এ সময় কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, কেন্দ্রের নির্দেশে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদ না পেয়ে একটি অংশ এর বিরোধিতা করছে। একই সময় নিকলী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়াজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু সাঈদ |