কমিটি বাতিলের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে নগরের ওয়াসা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিতরা।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারবিরোধী আন্দোলনে চট্টগ্রামের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। অথচ এখানে হাইব্রিড নেতার পকেট কমিটি করা হয়েছে। ভূমিদস্যু, চাঁদাবাজ ও নারী নির্যাতনকারীদের দিয়ে সরকারবিরোধী আন্দোলন কখনই সফল হবে না। কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।ছাত্রদলের নেতা আবদুল হামিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ইলিয়াস, ছাত্রদলের নগর শাখার নেতা ফরিদ আহম্মদ মজুমদার, সাইফুল আলম, নূর হোসেন, সরোয়ার আলম, গোলজার হোসেন, রবিউল হোসেন, এম এ হাসনাত প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ওয়াসা মোড় থেকে শুরু হয়ে লালখান বাজার ও কাজির দেউড়ি হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির নগর শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের পক্ষে টাঙানো ব্যানারগুলো নামিয়ে আগুন দেওয়া হয়।বিকেলে একই দাবিতে পাহাড়তলীর কর্নেলহাট মোড়ে ছাত্রদলের পদবঞ্চিতদের অপর একটি অংশ মিছিল ও সমাবেশ করেছে।