কমিটি বিলুপ্ত, সভাপতি বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান আল ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান বাদী হয়ে নিউমার্কেট থানায় এ মামলা করেন।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। একই সঙ্গে ছাত্রলীগের সংগঠন থেকে সাতজনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কার করা ব্যক্তিরা হলেন ঢাকা কলেজ শাখার সভাপতি ফুয়াদ হাসান, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, সহসভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক উজ্জল খান, কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সালাউদ্দিন ও কৌশিক আহমেদ।
গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা কলেজ চত্বরে এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ফারুক মারা যান।