রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নিজ ইউনিয়নের নেতা-কর্মীরাই ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। তাঁদের থামাতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বহিষ্কার করা হয়েছে দলের ছয় নেতাকে। তার পরও আওয়ামী লীগে অস্বস্তি কমছে না।
বহিষ্কৃত ব্যক্তিরা বলছেন, কমিটি ভাঙলেও তাঁদের কর্মীদের মনোবল ভাঙবে না।
দলীয় সূত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের একটি বিদ্যালয় মাঠে এক বৈঠকে আওয়ামী লীগ কাকে সমর্থন দেবে, তা ঠিক করা হয়। ওই বৈঠকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান উপস্থিত ছিলেন।
তৃণমূলের নেতা-কর্মীদের অভিযোগ, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য স্থানীয় সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূলের মতামত না নিয়েই তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেন। তাঁর এই সিদ্ধান্তের প্রতিবাদে দলের আরও দুই নেতা নির্বাচনে প্রার্থী হন। তাঁরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খান এবং গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক। দলীয় প্রার্থী আসাদুজ্জামানের বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নে। তাঁকে দলীয় প্রার্থী করার প্রতিবাদে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় সব ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা এক হয়ে আতাউর রহমানের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। এ জন্য একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য ইউনিয়নের নেতারাও আতাউর রহমানের পক্ষে মাঠে নেমেছেন।
তবে দলের প্রার্থীর নিজ ইউনিয়নের নেতা-কর্মীরা মাঠে নামায় অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ। পরিস্থিতি মোকাবিলায় গত শুক্রবার গোদাগাড়ীর মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের এক বৈঠকে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক মোজাম্মেল হককে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই বৈঠকে বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান খান, তাঁর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম রেজাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল হক, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওলিউল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামানকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।
দেওপাড়া ইউপির চেয়ারম্যান আকতারুজ্জামান দাবি করেন, নিয়ম মেনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি। তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী নির্বাচন করলে অবশ্যই বর্তমান চেয়ারম্যান এ কে এম আতাউর রহমান প্রার্থী হিসেবে নির্বাচিত হতেন। এখন কমিটি ভেঙে দল থেকে নেতাদের বহিষ্কার করলেও কর্মীদের মনোবল ভাঙা যাবে না। স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
তবে দলীয় প্রার্থী আসাদুজ্জামান দাবি করেন, বহিষ্কারের পর কর্মীরা তাঁর পক্ষে মাঠে নেমেছেন।