আলাদা বেতন স্কেল ও গ্রেড সমস্যা নিরসনে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট সমস্যা পর্যালোচনার জন্য মন্ত্রিসভা যে কমিটিকে দায়িত্ব দিয়েছে, সেই কমিটি শিগগিরই কাজ শুরু করবে।
গতকাল শুক্রবার রাজধানীর আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চতুর্থ জাতীয় শিক্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষকদের কখনো ছোট করতে চাই না। আমরা শিক্ষা পরিবার শিক্ষকদের সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি মনে করি। কিন্তু সেটা কারও সঙ্গে তুলনা না করে। আমাদের শিক্ষকেরা বিচারপতি তৈরি করছেন, সচিব তৈরি করছেন, বড় বড় অফিসার তৈরি করছেন, গবেষক তৈরি করছেন। এই মর্যাদাটা উপলব্ধি করতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটি শিগগিরই কাজ শুরু করবে। আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত রাখব।’ আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, অবশ্যই শিক্ষকদের বেতন-ভাতা, মর্যাদার প্রশ্নে আপস করা যাবে না। তিনি বলেন, শিক্ষকেরা যে মর্যাদা চান, সামাজিকভাবে এ দেশের মানুষ সেটা দিতে রাজি আছে। কিন্তু সেটা আমলাতান্ত্রিক জটিলতায় ঘুরপাক খাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সফিউল্লাহ। ‘একুশ শতকের শিক্ষক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদ। সম্মেলনে প্রায় ৩০০ শিক্ষক অংশ নিচ্ছেন। ঢাকা আহ্ছানিয়া মিশন, গণসাক্ষরতা অভিযান এবং আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিটারেসি অ্যাসো–সিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টার বাংলাদেশ লিটারেসি অ্যাসোসিয়েশন (বিএলএ) এই সম্মেলনের আয়োজন করেছে।