কমিটিতে নতুন মুখের ছড়াছড়ি, আছে হতাশাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে এবার নতুন মুখের ছড়াছড়ি। ৭১ সদস্যের কমিটিতে স্থান পাওয়া ৪৩ জনই নতুন। তাঁরা বিভিন্ন সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলা কমিটিতে নেতৃত্ব দিয়েছেন। এদিকে আগের কমিটির অনেকে স্থান না পাওয়ায় হতাশ হয়েছেন তাঁদের অনুসারী নেতা-কর্মীরা।
দলের নেতা-কর্মীরা জানান, ১৩ অক্টোবর দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন। এর মধ্যে সম্পাদকীয় পদে ২৫ জনই নতুন মুখ। এ ছাড়া ৩৪ সদস্যের মধ্যে ১৮ জন এবারই প্রথম কমিটিতে স্থান পেয়েছেন।
জেলা কমিটিতে প্রথমবার স্থান পাওয়া যুগ্ম সম্পাদক ও মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, জেলা থেকে তালিকা পাঠানোর পর দলীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদক যাচাইবাছাই করেছেন। এতে নতুন করে অনেকের স্থান হয়েছে। আর নতুনদের প্রাধান্য দেওয়ার মূল উদ্দেশ্য দলের কর্মকাণ্ড গতিশীল করা।
এদিকে গত কমিটির অনেকে বাদ পড়ায় তাঁদের অনুসারী নেতা-কর্মীরা হতাশা ব্যক্ত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী জানান, ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে, যা দলের জন্য ভালো ফল বয়ে আনবে না। ত্যাগী নেতাদের মূল্যায়ন করা জরুরি।
নতুন কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ বিশাল একটি দল। ঘরে ঘরে এ দলের কর্মী–সমর্থক। দলীয় প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নির্দেশনায় এ জেলা কমিটি অনুমোদন পেয়েছে। কেন্দ্রের নির্দেশনা মতে, এ কমিটির ৭২ শতাংশ পদে তরুণ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বয়সের কারণে কিংবা উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পদে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের এ কমিটিতে রাখা হয়নি। এটি ছিল কেন্দ্রীয় নির্দেশনা।
কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ-নাশকতা ও মাদক চোরাচালান প্রতিরোধসহ সরকারের নানা কর্মসূচি পালনে আন্তরিক থাকবে এই জেলা কমিটি। তাই কমিটির অধিকাংশ পদে নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি কক্সবাজার পাবলিক হল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই দিন বিকেলে হিলটপ সার্কিট হাউসে তিনি জেলা কমিটির সভাপতি পদে সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমানের নাম ঘোষণা দেন। এরপর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়। সাড়ে নয় মাস পর সেই পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ জেলা কমিটি: সভাপতি সিরাজুল মোস্তফা, সহসভাপতি এথিন রাখাইন, আমজাদ হোসেন, ফরিদুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী, আজিজুর রহমান, বদিউল আলম সিকদার, মো. শফিক মিয়া, জাফর আলম চৌধুরী ও রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, রণজিত দাশ ও আশেক উল্লাহ রফিক, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক, মাহবুবুর রহমান চৌধুরী ও নাজনীন সরওয়ার কাবেরী, কোষাধ্যক্ষ আবদুল খালেক, আইনবিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন চৌধুরী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আয়াছুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইউনুছ বাঙ্গালী, দপ্তর সম্পাদক প্রিয়তোষ শর্মা, ধর্মবিষয়ক সম্পাদক নুরুল আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম, বন ও পরিবেশ সম্পাদক কমর উদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী বদিউল আলম, মহিলাবিষয়ক সম্পাদক মুসরাত জাহান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এস এম কামাল উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আশরাফুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মোহাম্মদ, শ্রম সম্পাদক কাজী মোস্তাক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক তাপস রক্ষিত, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মাহবুবুর রহমান, উপদপ্তর সম্পাদক আবু তাহের, উপপ্রচার এবং প্রকাশনা সম্পাদক এম এ মনজুর ।
সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, আহমদ হোসেন, সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম চৌধুরী, আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আবুহেনা মোস্তফা কামাল, কানিজ ফাতেমা মোস্তাক, নুরুল আবছার (সাবেক চেয়ারম্যান), নুরুল ইসলাম, সুলতানুল আলম, আদিল উদ্দিন চৌধুরী, মমতাজ আহমদ, লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, ফরিদুল আলম, রাশেদুল ইসলাম, এস এম গিয়াস উদ্দিন চৌধুরী, শফিউল আলম চৌধুরী, শফিকুল কাদের, মোহাম্মদ হোসেন, এ টি এম জিয়াউদ্দিন, মকসুদ মিয়া, মিজানুর রহমান, আমিনুর রশিদ, রশিদ আহমদ, আবুল হোসেন, সোনা আলী, আবদুর রউফ, অরূপ বড়ুয়া তপু, উম্মে কুলসুম, বদরুল হাসান মিল্কী, জি এম আবুল কাশেম, সুপ্ত ভুষন বড়ুয়া ও মিজানুর রহমান।
উপদেষ্টা: মোহাম্মদ নুরুল ইসলাম, জালাল আহমদ, কামাল হোসেন চৌধুরী, ডা. নুরুল আমিন, সালেহ আহমদ চৌধুরী, কামাল হোসাইন, আনোয়ার হোসেন, কামাল হোসেন, সৈয়দ আহমদ কুতুবী, এইচ কে আনোয়ার, মনিরুল আলম চৌধুরী, মমতাজ আহমদ সওদাগর, মৌলভি আতিকুর রহমান, জাফর আলম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, শফিকুর রহমান, শামীম আরা দুলালী, আবু তাহের, মোহাম্মদ ইসহাক, জালাল আহমেদ ও মৌলভি আবু তাহের।