যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পুরোনো কমিটি ভেঙে রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফার অনুসারীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হচ্ছে। এ নিয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁরা গত এক সপ্তাহে দুবার নাদিম মোস্তফার কুশপুত্তলিকা দাহ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, জেলা যুবদলের তোফাজ্জল হোসেন ও মিজানুর রহমানের নেতৃত্বাধীন বিলুপ্ত কমিটি সম্মেলন করার জন্য জেলা যুবদলের ২৩টি সাংগঠনিক ইউনিটের ১৯টিতেই কমিটি করে ফেলেছিলেন। কিন্তু নাদিম মোস্তফার সংসদীয় এলাকা পুঠিয়া ও দুর্গাপুরের চারটি সাংগঠনিক ইউনিটের কমিটি তাঁরা করতে পারেননি। মিনুর অনুসারীদের অভিযোগ, নাদিম মোস্তাফার অনুসারীরা এই কমিটি করতে দেননি। কেন্দ্র থেকে জেলা যুবদলের কমিটি ভেঙে দিয়ে গত আগস্টে মিজানুর রহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি করে দেওয়া হয়। ওই কমিটির ২৪ জনই ছিলেন নাদিম মোস্তফার অনুসারী। সেপ্টেম্বরের শেষের দিকে নাদিম মোস্তফার অনুসারীরা সবাই কৌশলে পদত্যাগ করেন। ফলে কমিটি ভেঙে যায়। এরপর গত ৩০ সেপ্টেম্বর আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে কমিটি গঠন করে দেওয়া হয়। এই কমিটি এসে আগের কমিটির তৈরি করা যুবদলের ১৯টি কমিটির সবই ভেঙে দেয়। মিনুর অনুসারী যুবদলের নেতাদের অভিযোগ, নাদিম মোস্তফার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্যই এভাবে বারবার কমিটি ভেঙে তাঁর নিজের লোকদের বসাচ্ছেন। তানোর উপজেলার এ ধরনের বিলুপ্ত কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, তাঁদের কমিটি গত ছয় মাস আগে গঠন করা হয়। তানোর-গোদাগাড়ীর সাবেক সাংসদ ও মন্ত্রী আমিনুল হক তাঁদের বলেছিলেন, সব কমিটি ভাঙা হলেও তানোরের উপজেলা ও পৌর কমিটি থাকবে। কিন্তু তার পরও তাঁদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এতে তাঁদের কর্মীদের ভেতরে চরম হতাশা বিরাজ করছে। এ নিয়ে যুবদলে কোন্দলের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গোদাগাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একটি অংশ পাল্টা ভুয়া কর্মসূচি ঘোষণার কারণে তানোরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। মোহনপুর উপজেলার কেশরহাট পৌর কমিটি গঠন করতে গেলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ১৭ বছর ধরে যারা কোনো কাজ না করে দলের পদ ভাঙিয়ে খেয়েছে। তাদের ভেতরে ক্ষোভের সৃষ্টি হতেই পারে। কারণ, এবার কেন্দ্র থেকে যারা প্রকৃতপক্ষে দলের জন্য কাজ করে, তাদের দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নাদিম মোস্তফাকে দায়ী করার কোনো কারণ নেই। এদিকে জেলা ছাত্রদলের আট বছর আগের কমিটি গত নয় মাস আগে ভেঙে দিয়ে কমিটির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ জামানীকে আহ্বায়ক এবং শফিকুল আলমকে যুগ্ম আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। সেই কমিটি ভেঙে দিয়ে গত ৩ নভেম্বর নাদিম মোস্তফা-সমর্থিত শফিকুল আলমকে সভাপতি ও ওয়ালিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘আগের কমিটির আহ্বায়ক মোজাদ্দেদ জামানী আহ্বায়ক হওয়ার পর কোথাও কোনো সভা-কমিটি কিছুই করেননি। যে জন্য তাঁর কমিটি ভেঙে দেওয়া হয়েছে।’ এদিকে ছাত্রদলের নতুন জেলা কমিটিতে মিনুর অনুসারী নেতাদের স্থান দেওয়া হয়নি। কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার নাদিম মোস্তফার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নগরের সোনাদিঘির মোড়ে নাদিম মোস্তফার কুশপুত্তলিকা দাহ করেন। এর দুদিন আগে গত বৃহস্পতিবার তাঁরা নগরের জিরো পয়েন্টে একইভাবে নাদিম মোস্তফার কুশপুত্তলিকা দাহ করেন। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাদ্দেদ জামানী ও যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক। নাদিম মোস্তফা বলেন, আগের চেয়ে রাজশাহী জেলা বিএনপি এখন গতিশীল হয়েছে। প্রকৃতপক্ষে যারা বিএনপি করে তাদের দিয়েই কমিটি করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি মহানগরের কোনো কমিটির ব্যাপারে হস্তক্ষেপ করেননি। জেলা নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন!