কমিটিতে সাংসদের স্ত্রীর পদ পাওয়া নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রিজিয়া রেজা চৌধুরীর নাম ঘোষণার পর তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা চলছে। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি তুলেছেন দলের অনেক নেতা-কর্মী। রিজিয়া জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুেরার সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরীর মেয়ে। তাঁর স্বামী চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগের সাংসদ আবু রেজা নেজামউদ্দিন মো. নদভী।
গত সোমবার নগরের চকবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা। সম্মেলনের পর দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রিজিয়া রেজা চৌধুরী দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এটা দলের নেতা-কর্মীরা মানতে পারছেন না। কারণ, তাঁর বাবা জামায়াতের কেন্দ্রীয় নেতা। জামায়াত নেতার মেয়ে আওয়ামী লীগের নেত্রী হয় কী করে?’ তিনি বলেন, রিজিয়া রেজা চৌধুরীকে কমিটি থেকে বাদ দিতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে।
তবে রিজিয়া রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, সাড়ে তিন বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বামীকে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন। সেই নৌকা নিয়ে সাতকানিয়া-লোহাগাড়ায় নির্বাচন করা কত কঠিন কাজ ছিল। এ আসনে নৌকার পক্ষে কথা বলাও একসময় ঝুঁকিপূর্ণ ছিল। তিনি বলেন, ‘সাতকানিয়া-লোহাগাড়ায় জামায়াতের আধিপত্য আগের মতো নেই। আমরা ওদের অবস্থান ভেঙে দিয়েছি। এখন আমাকে জামায়াত নেতার মেয়ে বলে যে অপবাদ দেওয়া হচ্ছে, সাড়ে তিন বছর আগে সেই অভিযোগ কেন তোলা হয়নি? ডাক্তারের মেয়ে কি সব সময় ডাক্তার হয়? বাবা জামায়াত নেতা হতে পারেন। আমি আওয়ামী লীগ করি। আমার স্বামী আওয়ামী লীগের এমপি।’
রিজিয়া রেজা চৌধুরীকে নিয়ে শুরু হওয়া বিতর্কের বিষয়ে নতুন কমিটির সভানেত্রী চেমন আরা তৈয়ব বলেন, সম্মেলন শেষ হওয়ার পর কমিটির ১০ জনের নাম ঘোষণা করা হয়। তখন সেখানে তিনি ছিলেন না। কিন্তু ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে রিজিয়াকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এখন কেন্দ্রীয় নেতাদের বিষয়টি তিনি জানাবেন।