কমিটিতে ৬ ভাগ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন কমিটিতে নারী প্রতিনিধিত্বের হার ৬ শতাংশেরও নিচে। কোথাও কোথাও তা শূন্য বা নামমাত্র।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮-এর ৯০বি (বি) অনুসারে, নিবন্ধন নিশ্চিতের জন্য ২০২০ সালের মধ্যে সবগুলো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সব স্তরে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব থাকতে হবে।
চট্টগ্রাম আওয়ামী লীগের তিন মূল কমিটিতে গড়ে নারী প্রতিনিধিত্ব রয়েছে ৩ শতাংশের কিছু বেশি। আওয়ামী লীগের মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা কমিটিতে মোট সদস্যসংখ্যা ২১৩ জন। এর মধ্যে নারী সদস্যের সংখ্যা মাত্র সাতজন।
সদ্য ঘোষিত মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটিতে শুধু মহিলাবিষয়ক সম্পাদক পদে একজন নারী মনোনীত হন। নতুন কমিটিতে স্থান পাওয়া জোবাইরা নার্গিস খানের স্বামী সেকান্দার হায়াত খান বিগত কমিটির সহসভাপতি ছিলেন। আগে একই পদে ছিলেন দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান কায়সারের স্ত্রী নিলুফার কায়সার।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন মহিলা কর্মী জানান, বর্তমানে যিনি কমিটিতে স্থান পেয়েছেন তাঁকে দলের প্রয়োজনে কখনোই মাঠে-ময়দানে দেখা যায়নি।
চট্টগ্রামের সংরক্ষিত আসনের সাংসদ তিনজন। তাঁদের মধ্যে দুজন স্থান পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিতে। তাঁরা হলেন হাসিনা মান্নান ও চেমন আরা তৈয়ব। হাসিনা মান্নানের স্বামী আওয়ামী লীগের সাবেক সাংসদ প্রয়াত এম এ মান্নান।
আওয়ামী লীগের উত্তর জেলা কমিটিতে স্থান পেয়েছেন দুজন। এর মধ্যে খাদিজাতুল আনোয়ারের বাবা ছিলেন চট্টগ্রামের সাবেক সাংসদ প্রয়াত রফিকুল আনোয়ার।
নগর মহিলা লীগের দপ্তর সম্পাদক রেহানা কবির বলেন, ‘বড় পদে যেসব নারী আছেন, তাঁদের বেশির ভাগেরই পিতা বা স্বামী ভাইয়ের পরিচয়ই প্রাধান্য পেয়েছে। তৃণমূল থেকে রাজনীতি করে আসার পরও যথাযথ মূল্যায়ন পাচ্ছি না আমরা।’
এ বিষয়ে নগর আওয়ামী লীগের সহসভাপতি ইবরাহিম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একটা পদ এমনিতে দিয়ে দেব, এটা হলেই তো হলো না। দলে অবদান রাখতে পারবে এমন নারীদের কমিটিতে আনতে চাই।’
মহানগর কমিটির মতো একই অবস্থা আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোর। ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির প্রতিটির সদস্যসংখ্যা ৬৫ জন। এর মধ্যে শুধু মহিলাবিষয়ক সম্পাদক পদে একজন করে নারী সদস্য রয়েছেন।
বিএনপির মহানগর কমিটির সদস্যসংখ্যা চারজন। এর মধ্যে নেই কোনো নারী সদস্য। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘২০১১ সালে ১৭১ জনের মহানগরের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের কাছে জমা দিয়েছি আমরা। সেখানে প্রায় ১০ জন নারীকে আমরা রেখেছি।’
নগরে বিএনপির ৪১টি ওয়ার্ডে নারীরা রয়েছেন মহিলাবিষয়ক সম্পাদক, মহিলাবিষয়ক সহসম্পাদকের পদে।
দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির কমিটিতে মোট সদস্যসংখ্যা ৩০২ জন। ১৫১ সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা কমিটিতে মোট নারী আছেন ১০ জন। অর্থাৎ এখানে সাড়ে ৬ শতাংশ নারী।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির ওয়ার্ড কমিটির একজন নেতা বলেন, চট্টগ্রাম এখনো তুলনামূলক রক্ষণশীল। পুরুষকে ডিঙিয়ে একজন নারীকে মূল্যায়নের কথা এখানে এখনো সেভাবে ভাবা হয় না। নারীরাও এ বিষয়টি নিয়ে সচেতন নন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর কমিটিতে নারীর এ অবস্থান হতাশাজনক। নির্বাচনী আইনের কথা মাথায় রেখে দলগুলোর উচিত কমিটি পুনর্গঠন করা। আর নারীদের মূল্যায়নের ক্ষেত্রে পারিবারিক পরিচয়ের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাঁদের নিজের কাজকে।