পাবনা জেলা বিএনপির কমিটি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার বিদ্রোহী অংশের কর্মী-সমর্থকেরা নবগঠিত কমিটির সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় গুলিতে সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবীর এক প্রতিবেশী আহত হন। তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিদ্রোহী অংশের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরের শিবরামপুর মহল্লায় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাহ-মুদুন্নবীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় হঠাৎ করেই চার-পাঁচ রাউন্ড গুলির শব্দ হয়। গুলিবিদ্ধ হন ওই বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা মাহমুদুন্নবীর প্রতিবেশী দিলরুবা খাতুন (২৫)। এতে বিক্ষোভকারীরা দিগ্বিদিক ছোটাছুটি ও ভাঙচুর শুরু করেন। তাঁরা মাহমুদুন্নবীর বাড়ির সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর ও বাড়ির দরজা-জানালা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দিলরুবা খানম প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করেই গুলির ঘটনা ঘটে। আমর ডান পায়ে গুলি লাগলে মাটিতে পড়ে যাই। কোন দিক থেকে কে গুলি করেছে তা আমি দেখিনি।’মাহমুদুন্নবী অভিযোগ করেন, বিক্ষোভের নামে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের মাধ্যমে তাঁর বাড়িতে হামলা চলানো হয়েছে। তবে বিদ্রোহী অংশের নেতা ফেরদৌস মঞ্জু বলেন, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন। সাংগঠনিক সম্পাদকের বাড়ি ঘেরাও করেনি। তাঁর বাড়ির সামনের সড়ক দিয়ে নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বাড়ির ছাদ থেকে গুলি ছোড়া হয়। এ সময় বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা আত্মরক্ষার্থে ইটপাটকেল ছোড়ে। এ প্রসঙ্গে সদর থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।প্রসঙ্গত, ২০০৯ সালের জুন মাসে কমিটি গঠন নিয়ে বিএনপি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। একপর্যায়ে সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র কামরুল হাসানের নেতৃত্বে তৈরি হয় বিদ্রোহী অংশ। এরপর থেকে তিন বছর ধরে দলের দুই অংশ পৃথকভাবে দলীয় সব কর্মকাণ্ড পালন করে আসছে। গত ২২ জানুয়ারি সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭২ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এরপর এই বিরোধ চরম আকার ধারণ করে।