কমিটির বিতর্কিত সদস্যের নির্দেশে নতুন তালিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ দিন আগে দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফল, প্রার্থীদের নাম ও নম্বরের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এখনো পাঠাতে পারেনি পরীক্ষা কমিটি।অভিযোগ উঠেছে, মৌখিক পরীক্ষা কমিটিতে মন্ত্রী মনোনীত বিতর্কিত এক সদস্যের নির্দেশে আগের তালিকা বাদ দিয়ে তাঁর দেওয়া তালিকাভুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ নম্বর দেওয়ার কাজ চলছে। নির্দেশ অনুযায়ী নতুন করে তালিকা করতে সময় লাগছে। আর তাই অধিদপ্তরে মৌখিক পরীক্ষার ফল পাঠাতেও দেরি হচ্ছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোট ৪২টি এবং সহকারী শিক্ষকের ১৪২টি পদ শূন্য আছে। সারা দেশের মতো দিনাজপুরেও প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৮ জুন থেকে শুরু হয়। শেষ হয় ২৬ জুন।পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসক সভাপতি, সদস্যসচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান মনোনীত একজন সদস্য। প্রতিমন্ত্রী মনোনীত সদস্য পার্বতীপুর উপজেলার ভবানীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাসান মাসুদের মনোনয়ন নিয়ে স্থানীয় সাংসদসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা আপত্তি তুলেছিলেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আপত্তি অগ্রাহ্য করেন।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একটি সূত্র জানায়, যথাসময়ে অধিদপ্তর থেকে কম্পিউটারাইজড নম্বরপত্রের সিট আসে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নাম, রোল নম্বর ও কোটা উল্লেখ থাকে। প্রতি পৃষ্ঠায় ছয়জন করে মৌখিক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ছকে তোলা হয়। কিন্তু শেষ মুহূর্তে হাসান মাসুদ তিন শতাধিক প্রার্থীর নামের একটি তালিকা দিয়ে বলেন, ‘যে তালিকা তৈরি করা হয়েছে, তা বাদ দিয়ে এই তালিকাভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ নম্বর দিয়ে অধিদপ্তরে পাঠাতে হবে।’দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম প্রথম আলোকে বলেন, ‘হাসান মাসুদ একজন বিতর্কিত ব্যক্তি। ছাত্রজীবনে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার শিবিরের ক্যাডার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বহু হামলায় অংশ নিয়েছিলেন। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে। সেখানে সবাই জানে, তিনি বিএনপির লোক। আর পার্বতীপুরে তাঁর শ্বশুরবাড়ি ও কর্মস্থল। এখানে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।’ তিনি জানান, পরীক্ষা কমিটি থেকে হাসান মাসুদের নাম বাদ দিতে তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। মৌখিক পরীক্ষায় কোনো প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।হাসান মাসুদ গত সোমবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রথম পর্যায়ে তালিকা তৈরি করতে বেশ কিছু ভুলত্রুটি হয়। এ কারণে নতুন তালিকা করতে হচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’ তবে ভূমি প্রতিমন্ত্রীর নাম করে কোনো প্রকার তালিকা তৈরি করার কথা তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সব কথার উত্তর দিতে পারব না। শুধু বলতে পারব, তালিকা তৈরি হচ্ছে। যত শিগগির সম্ভব তালিকা ঢাকায় পাঠানো হবে।’ জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ কাজ শেষ করে তালিকা পাঠানো হবে বলে জানিয়েছেন।