দরপত্র ছাড়াই চট্টগ্রাম বন্দরের ছয়টি জেটিতে বার্থ অপারেটরদের কনটেইনার ওঠানো-নামানোর কাজ দেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল সোমবার বোর্ডসভায় বসছে বন্দর কর্তৃপক্ষ। তবে সংসদীয় কমিটি থেকে লিখিত কোনো নির্দেশনা ছাড়া এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গেছে।গত মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তাৎক্ষণিক দরপত্র ছাড়াই বন্দরের প্রাক্কলিত দরে বার্থ অপারেটরদের কাজ দেওয়ার সুপারিশ করা হয়। এই ছয়টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর দরপত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ সুপারিশ করে সংসদীয় কমিটি। বৈঠকে মৌখিকভাবে চট্টগ্রাম বন্দরকে বোর্ডসভায় বসে সিদ্ধান্ত নিতে বলা হয়।এ পরিস্থিতিতে গতকাল শনিবার সকালে বন্দর ভবনে অনানুষ্ঠানিক বৈঠকে বসে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ ও তিনজন সদস্য হাদী হোসাইন, মোশাররফ হোসেন ও ক্যাপ্টেন এস আরিফ মাহমুদ উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সোমবার অনুষ্ঠেয় বন্দরের বোর্ডসভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে সংসদীয় কমিটি থেকে লিখিত কোনো নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হবে না।