কমিটির সদস্যও যাচাই-বাছাইয়ের সম্মুখীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কমিটিতে এমন এক ব্যক্তিকে সদস্য করা হয়েছে, যাঁর নিজেরই কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এ নিয়ে সাধারণ মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যাচাই-বাছাই কমিটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করবে। কমিটি তালিকায় নাম ওঠাতে আবেদন করা মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করবে এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করবে। আজ শনিবার হাজীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে।
গত ১২ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ৭ সদস্যবিশিষ্ট মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি করার নিয়ম জানানো হয়। উপজেলায় কমিটির সভাপতি পদে স্থানীয় সাংসদ রফিকুল ইসলাম (বীর উত্তম), কমিটির সদস্যসচিব ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আবদুল হান্নান, জেলা কমান্ডারের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা কমান্ডার মজিবুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি আবু তাহের ও জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (জামুকা) প্রতিনিধি খোরশেদ আলমকে সদস্য পদে দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক বি এম মহসিন নয়ন বলেন, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাচাই-বাছাইয়ের সম্মুখীন হবেন এমন কেউ কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না। অথচ নানা অভিযোগ থাকায় জামুকার মনোনীত প্রতিনিধি খোরশেদ আলমকে যাচাই-বাছাইয়ের সম্মুখীন হতে হবে।
খোরশেদ আলম বলেন, ‘যেসব মুক্তিযোদ্ধা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁদের মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলেন। কারণ মন্ত্রণালয় এবং জামুকা থেকে আমাকে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।’ ইউএনও বলেন, মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। এখানে তাঁদের কিছু করার নেই।