টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতিসহ ছয় সদস্য কমিটির সদস্যসচিব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে গতকাল শুক্রবার অনাস্থা জানিয়েছেন। আজ শনিবার থেকে এখানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
কমিটির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস দুর্লভ চন্দ্র বলেন, কমিটির সদস্যসচিব হিসেবে ইউএনও ইসরাত সাদমীন থাকলে যাচাই-বাছাই কার্যক্রম ঠিকভাবে হবে না বলে তাঁরা মনে করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্র জানায়, মির্জাপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে সাত সদস্যের কমিটিতে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেনকে সভাপতি ও ইউএনও ইসরাত সাদমীনকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া আরও পাঁচজন সদস্য রয়েছেন। গতকাল বিকেলে ইসরাত সাদমীনের কাছে তাঁরা লিখিতভাবে অনাস্থা দেন।
এ ব্যাপারে সাংসদ একাব্বর হোসেন সাংবাদিকদের বলেন, ‘কমিটির সদস্যসচিবের প্রতি আমাদের আস্থা নেই।’
ইউএনও ইসরাত সাদমীন বলেন, ‘কমিটির অন্য সদস্যরা কেন আমার প্রতি অনাস্থা জানিয়েছেন, তা আমার জানা নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করব।’