জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, কীভাবে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক করা যায়, তা নিয়ে সাংসদদের ভাবতে হবে। গতকাল রোববার সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে সাংসদদের জন্য তিন দিনের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শওকত আলী বলেন, মন্ত্রণালয় সংসদীয় কমিটির সুপারিশ মানতে বাধ্য নয়। যে কারণে অনেক সময় মন্ত্রণালয়ের সঙ্গে কমিটির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে। তিনি কমিটির সভাপতিদের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে সভাপতিরা সংসদে আলোচনা করতে পারেন। যদিও সংসদের কার্যপ্রণালি বিধিতে এ ধরনের কোনো বিধান নেই। কিন্তু এটাও ঠিক, কার্যপ্রণালি বিধি সংশোধন করা যায়।সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হুইপ সেগুফতা ইয়াসমীন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার প্রমুখ।