ডেসটিনি গ্রুপের ব্যাপারে তদন্ত কমিশন গঠনে দেরি হলে এর সম্পদ বিক্রি বা হস্তান্তর হয়ে যেতে পারে কি না, জানতে চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে সম্প্রতি এ বিষয়ে জানতে চান অর্থমন্ত্রী।ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে সম্প্রতি একটি কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অর্থমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ উপস্থাপন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর পরই অর্থমন্ত্রী ডেসটিনির সম্পদ হস্তান্তরের বিষয়ে শঙ্কা প্রকাশ করেন।ডেসটিনির ব্যাপারে অর্থমন্ত্রীর শঙ্কার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েও একটি চিঠি পাঠানো হবে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে। ‘ডেসটিনি ২০০০ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবৈধ কার্যক্রম’ বিষয়ে গঠিত যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের নিবন্ধক আহমেদুর রহিমের নেতৃত্বাধীন কমিটি এরই মধ্যে দুটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে।প্রতিবেদনে ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের জন্যই তদন্ত কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, শিগগিরই কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ অনুযায়ী যেন তা গঠন করা হয়।অর্থমন্ত্রীও কয়েকবার যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) কমিশনের মতো ডেসটিনির ব্যাপারে কমিশন গঠনের কথা সাংবাদিকদের জানিয়েছেন। এ সপ্তাহে অর্থমন্ত্রী আবারও বলেন, কমিশন গঠিত হচ্ছে। তবে কিছু কাজ এখনো বাকি বলে তা গঠনে দেরি হচ্ছে।বাণিজ্যসচিব গোলাম হোসেন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কমিশন গঠনের সুপারিশসংবলিত চিঠি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন দুই সপ্তাহ আগেই।বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে কাদের নিয়ে তদন্ত কমিশন গঠন করতে হবে, তারও সুপারিশ রয়েছে। এতে বলা হয়েছে, সমবায় আইন, কোম্পানি আইন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন এবং সিকিউরিটিজ আইনে অভিজ্ঞ আইনজীবী; চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক, সমবায় অধিদপ্তর ও পুলিশ বিভাগের শীর্ষপর্যায়ের সাবেক কর্মকর্তারা কমিটির সদস্য থাকবেন। এতে আরও বলা হয়েছে, তদন্ত কমিশন ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের আলাদা নিরীক্ষা করবে এবং সম্পদ ও দায়দেনা নিরূপণ করবে। এ ছাড়া মানি লন্ডারিং, অবৈধ ব্যাংকিং ও গ্রাহক প্রতারণা খতিয়ে দেখবে।