স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের আগে জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন না করার দাবি জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সংগঠনটি যোগ্য ব্যক্তিদের দিয়ে শিগগির কমিশন গঠনের দাবি জানিয়েছে।
সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার না করাসহ নীতিমালার কিছু বিষয়ে আপত্তি জানিয়ে সমিতির নেতারা এসব বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীতে গতকাল বুধবার সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে সংগঠনটির সভাপতি ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী প্রথম আলোকে বলেন, ‘সম্প্রচার নীতিমালা আমরা চেয়েছি, এটি দরকার। কিন্তু আমরা চেয়েছি আগে স্বাধীন ও নিরপেক্ষ সম্প্রচার কমিশন। ওই কমিশন সবার সঙ্গে আলাপ-আলোচনা করে একটি গ্রহণযোগ্য নীতিমালা তৈরি করবে, যা পরে আইনে পরিণত হবে।’
অ্যাটকোর সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ প্রথম আলোকে বলেন, ‘আমরা অনুরোধ করব আগে যোগ্য ব্যক্তিদের দিয়ে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হোক। এরপর কমিশনই সবকিছু দেখভাল করবে এবং তা করতে গিয়ে নিশ্চয়ই কমিশন সবার স্বার্থ দেখবে।’ তিনি বলেন, তথ্যমন্ত্রী বিদেশে আছেন, দেশে ফিরলে তাঁরা আপত্তিগুলো জানাবেন।
সভায় অংশগ্রহণকারী একাধিক টেলিভিশন মালিক জানান, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রতি কটাক্ষ করে বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য এমনিতেই সম্প্রচার করা হয় না। এগুলো নীতিমালায় রাখার কোনো মানে ছিল না। এ-সংক্রান্ত বিষয়গুলো অস্পষ্ট থাকায় তা অপব্যবহারের সুযোগ ও আশঙ্কা রয়েছে।
এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নির্বাহী পরিষদ গতকাল জাতীয় প্রেসক্লাবে জরুরি সভা করে নীতিমালাটি পর্যালোচনা করেছে। সংগঠনটির সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রথম আলোকে জানান, শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
এ বিষয়ে সংগঠনের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, নীতিমালাটি সাংবাদিকদের আন্দোলনের ফসল, কিন্তু এতে সাংবাদিকদের জন্য কিছু উদ্বেগজনক বিষয় আছে। এর ভালো-মন্দ আরও পর্যালোচনা করে সংবাদ সম্মেলনে তা তুলে ধরা হবে বলে জানান তিনি।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি গতকাল সভা করে এ নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে।
নীতিমালা সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে গত সোমবার জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪ চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। তথ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া জাতীয় সম্প্রচার নীতিমালা গেজেট হিসেবে ছাপার জন্য গতকাল বুধবার সরকারি ছাপাখানায় পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার তা প্রকাশ করা হতে পারে।